ভিডিও রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০৭ জুন, ২০২৬, ০৯:২৬ রাত

সারাদেশে ২৫ লাখ কর্মসংস্থানের লক্ষ্য 

উত্তরাঞ্চলকে কৃষি হাব করতে ৩ হাজার কোটি টাকা বরাদ্দ

উত্তরাঞ্চলকে কৃষি হাব করতে ৩ হাজার কোটি টাকা বরাদ্দ

স্টাফ রিপোর্টার: দেশের বিদ্যমান মূল্যস্ফীতির চাপ নিয়ন্ত্রণ, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা মোকাবিলা এবং উত্তরাঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আনার লক্ষ্যে নতুন মুদ্রানীতি প্রণয়নের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। গতকাল শনিবার বাংলাদেশ ব্যাংক বগুড়া অফিসের সম্মেলন কক্ষে ২০২৬-২৭ অর্থবছরের প্রথম ষান্মাসিকের (জুলাই-ডিসেম্বর ২০২৬) মুদ্রানীতি প্রণয়নকল্পে এক আঞ্চলিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান উত্তরাঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে এক বড় ঘোষণা দেন। তিনি বলেন, সার্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক সম্প্রতি ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে।

এর মধ্যে উত্তরাঞ্চলকে একটি শক্তিশালী ‘কৃষি হাব’ হিসেবে গড়ে তুলতে ৩ হাজার কোটি টাকা সুনির্দিষ্টভাবে বরাদ্দ রাখা হয়েছে। আমাদের মূল লক্ষ্য এই তহবিলের মাধ্যমে ২৫ লক্ষ নতুন কর্মসংস্থান সৃষ্টি করা।

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মোঃ হাবিবুর রহমানের উপস্থিতিতে অনুষ্ঠিত এই সভায় উত্তরাঞ্চলের অর্থনীতি ও দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় মনিটারি পলিসি ডিপার্টমেন্টের নির্বাহী পরিচালক মাহমুদ সালাহ উদ্দিন নাসের এবং বগুড়া অফিসের নির্বাহী পরিচালক মো. সাখাওয়াত হোসেনসহ বিভিন্ন তফসিলি ব্যাংকের প্রধান, ব্যবসায়ী নেতা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, নারী উদ্যোক্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

অর্থনীতিবিদ ও অংশীজনরা বর্তমান বাস্তবতায় এমন একটি ভারসাম্যপূর্ণ ও দূরদর্শী মুদ্রানীতি প্রণয়নের তাগিদ দেন, যা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পাশাপাশি উৎপাদন, বিনিয়োগ, রপ্তানি এবং কর্মসংস্থানের গতিশীলতা বজায় রাখবে। একই সঙ্গে ব্যাংকিং খাতে সুশাসন প্রতিষ্ঠা, খেলাপি ঋণ হ্রাস এবং উৎপাদনমুখী খাতে ঋণপ্রবাহ বৃদ্ধির দাবি জানানো হয়।

আরও পড়ুন

আলোচনায় অংশ নিয়ে বক্তারা বলেন, বগুড়াসহ উত্তরবঙ্গ দেশের অন্যতম প্রধান কৃষি ও কুটিরভিত্তিক অর্থনৈতিক কেন্দ্র। এখানে ধান, আলু, ভুট্টা ও শাকসবজির রেকর্ড উৎপাদনের পাশাপাশি হালকা প্রকৌশল শিল্প (লাইট ইঞ্জিনিয়ারিং), খাদ্য প্রক্রিয়াজাতকরণ এবং ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) খাতের ব্যাপক সম্ভাবনা রয়েছে। এসব খাতের টেকসই বিকাশের জন্য সহজ শর্তে অর্থায়ন ও গ্রামীণ অর্থনীতিতে আর্থিক অন্তর্ভুক্তি বাড়ানোর দাবি জানান তারা। বিশেষ করে নারী ও তরুণ উদ্যোক্তাদের জন্য বিশেষ ও উদ্ভাবনী অর্থায়ন ব্যবস্থার ওপর জোর দেওয়া হয়।

ডিজিটাল লেনদেন ব্যবস্থার প্রসারে বাংলাদেশ ব্যাংকের দূরদর্শী পরিকল্পনার কথা উল্লেখ করে গভর্নর মো. মোস্তাকুর রহমান বলেন, মানুষের মধ্যে নগদ অর্থের ব্যবহার কমিয়ে ‘ক্যাশলেস বাংলাদেশ’ গড়ার কাজ দ্রুত এগিয়ে চলছে। ’এক দেশ, এক কিউআর’ স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ ব্যাংকের প্রবর্তিত পেমেন্ট স্ট্যান্ডার্ড ‘বাংলা কিউআর’ আগামী ৫ জুলাই ২০২৬ থেকে দেশের সকল ব্যাংক ও এমএফএস (বিকাশ, রকেট, নগদ ইত্যাদি) সেবা প্রদানকারী প্রতিষ্ঠানে একযোগে কার্যকর হবে।

গভর্নর এই প্রযুক্তির প্রসারে উপস্থিত সবাইকে চলতি জুন মাসের মধ্যে অন্তত একটি লেনদেন বাংলা কিউআর-এর মাধ্যমে করার আহ্বান জানান। সভায় অংশগ্রহণকারীরা কেন্দ্রীয় ব্যাংকের এই আঞ্চলিক মতবিনিময় সভাকে অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ হিসেবে উল্লেখ করেন। অংশীজনদের এই গঠনমূলক মতামত ও সুপারিশের প্রতিফলন ঘটিয়েই ২০২৬-২৭ অর্থবছরের প্রথম ষাণ্মাসিকের মুদ্রানীতি চূড়ান্ত করা হবে বলে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তরাঞ্চলকে কৃষি হাব করতে ৩ হাজার কোটি টাকা বরাদ্দ

সাতক্ষীরার শ্যামনগরে মায়ের উপর অভিমান করে ২য় শ্রেণীর শিক্ষার্থীর আত্মহত্যা

বগুড়ার আদমদীঘি সদর ইউপির প্রায় ৩ কোটি টাকার বাজেট ঘোষণা

ভালুকায় নিষিদ্ধ ছাত্রলীগের ৯ নেতাকর্মী গ্রেপ্তার

টলিউডের ক্ষমতার রাজনীতি নিয়ে মুখ খুললেন অনির্বাণ

দীপেন দেওয়ানের পুনর্বহাল দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন