ভিডিও রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০৭ জুন, ২০২৬, ০৩:৩৪ দুপুর

নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু

নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু, ছবি: সংগৃহীত।

শুরু হয়েছে ত্রয়োদশ সংসদের দ্বিতীয় অধিবেশন। রোববার বর্তমান সরকারের প্রথম এ বাজেট অধিবেশন শুরু হয় বেলা ৩টায়। আগামী ১১ জুন আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পেশ করা হবে। আজ রোববার (৭ জুন) স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রমের সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এ অধিবেশন আহ্বান করেছেন।

এই অধিবেশনে আগামী ১১ জুন পরবর্তী ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাবনা উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সরকার ও বিরোধী দলের সদস্যদের আলোচনা শেষে ৩০ জুন বাজেট পাস হবে। অধিবেশন শুরুর আগে সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের মেয়াদ ও কার্যসূচি চূড়ান্ত হবে। অধিবেশনকে সামনে রেখে সংসদ ভবন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) রাজধানীর বেশকিছু এলাকায় শনিবার (৬ জুন) থেকে আগ্নেয়াস্ত্র বহনসহ সব ধরনের শোভাযাত্রা-বিক্ষোভ ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে।

সংসদ সচিবালয়ের প্রকাশিত অধিবেশনের কার্যসূচি অনুযায়ী, প্রথম দিনে অধিবেশনের শুরুতে সভাপতিমণ্ডলীর মনোনয়ন ও শোকপ্রস্তাব উত্থাপন করা হয়। এরপর রয়েছে প্রশ্নোত্তর পর্ব। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং বিদ্যুৎ বিভাগের প্রশ্নোত্তর তালিকাভুক্ত রয়েছে। এছাড়া ‘জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ (বিধি-৭১)’-এর আওতায় প্রাপ্ত নোটিশগুলো নিষ্পত্তি করা হবে।

আরও পড়ুন

সংশ্লিষ্ট সূত্র জানায়, চলতি অধিবেশনে বাজেট প্রস্তাবনা উত্থাপন ও পাস ছাড়াও সংবিধান সংস্কারের বিষয়ে আলোচনা হতে পারে। সংবিধান সংস্কারের লক্ষ্যে জাতীয় সংসদে বিশেষ কমিটি গঠনের কাজ শেষ করা হবে। এছাড়া সংসদীয় কমিটিগুলো গঠনের কাজ শেষ করতে চায় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বাজেট আলোচনার আগেই কমিটি গঠনের কাজ শেষ হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

উল্লেখ্য, প্রতি বছর জুন মাসে জাতীয় বাজেটের ওপর আলোচনার জন্য সংসদ অধিবেশন বসে, যা বাজেট অধিবেশন হিসেবে পরিচিত। আসন্ন অধিবেশনে বর্তমান সরকারের উন্নয়ন লক্ষ্যমাত্রা ও অর্থনৈতিক পরিকল্পনার প্রতিফলন হিসেবে নতুন অর্থবছরের বাজেট পেশ করা হবে এবং এর ওপর সংসদ সদস্যরা বিস্তারিত আলোচনায় অংশ নেবেন। এর আগে গত ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসে, যা শেষ হয় গত ৩০ এপ্রিল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু

ইসরায়েলি হামলায় লেবাননের সেনা কর্মকর্তাসহ নিহত ১২

রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স দ্রুত এগিয়ে নেয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রীর

বগুড়ার শাজাহানপুরে পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে মহাসড়ক অবরোধ

দেড় ঘণ্টা পর চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক

সাতক্ষীরায় পৌঁছেছে লেবাননে নিহত ২ বাংলাদেশির মরদেহ