ভিডিও শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০৬ জুন, ২০২৬, ০৮:০৪ রাত

বগুড়ায় ঈদ উৎসবে দেড়শ’ কোটি টাকার দই বেচাকেনা, রপ্তানিতে বিমানবন্দর ও ইপিজেড চান ব্যবসায়ীরা

বগুড়ায় ঈদ উৎসবে দেড়শ’ কোটি টাকার দই বেচাকেনা, রপ্তানিতে বিমানবন্দর ও ইপিজেড চান ব্যবসায়ীরা

স্টাফ রিপোর্টার : এবারের পবিত্র ঈদুল আযহায় বগুড়ায় প্রায় দেড়শ’ কোটি টাকার দই বিক্রি হয়েছে। সেই সাথে একটানা সাতদিনের ছুটি থাকায়-বিয়ে, সুন্নতে খৎনা, জন্মদিন, পারিবারিক অনুষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ঈদ পুনর্মিলনীর মতো নানা সামাজিক অনুষ্ঠানের আয়োজন হয়েছে অনেক বেশি।

পাশাপাশি অতিথি আপ্যায়ন ছাড়াও কুরবানির ঈদের পর নিজের পরিবার-পরিজনের জন্য দই কিনতে আসা মানুষের ভিড় ছিল যেকোন বছরের তুলনায় বেশি। শুধু বগুড়ার ক্রেতারাই নন এ জেলায় যারা বিভিন্ন পেশায় কর্মরত আছেন তারাও তাদের পরিচিতজনের জন্য দই কিনে নিয়ে গেছেন।

এছাড়া আত্মীয়তার বন্ধন আরও গভীর করতে একে অপরের বাড়িতে নিয়ে গেছেন বগুড়ার দই-মিষ্টি। অনেকে উপহারও হিসেবেও পাঠিয়েছেন দই। সবমিলে এই বিক্রির পরিমাণ দেড় শতাধিক কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

তাদের দেওয়া তথ্য অনুযায়ী বগুড়ার ১২টি উপজেলায় রয়েছে সহস্রাধিক দইয়ের দোকান। বগুড়া শহর এবং এর আশেপাশে রয়েছে চার শতাধিক দোকান। বিগত কয়েক বছরে গ্রাম-গঞ্জেও গড়ে উঠেছে দইয়ের অনেক কারখানা।

বগুড়ায় বিভিন্ন মানের, আকারের ও নামের দই বিক্রি হয়। এরমধ্যে ৬শ’ গ্রাম থেকে সাড়ে ৬শ’ গ্রাম ওজনের প্রতিটি দইয়ের পাত্র ৩২০ থেকে ৪০০ টাকা এবং মানভেদে ১৮০ থেকে ২৫০ টাকায় বিক্রি হয়। আর একই ওজনের সাদা দই ২২০ থেকে ৩০০ টাকায় বেচাকেনা হয়।

এশিয়া সুইটস’র প্রতিনিধি রেজাউল করিম দৈনিক করতোয়াকে বলেন, বিগত যেকোন বছরের তুলনায় এবার দইয়ের বিক্রি অনেক বেশি। তবে দুধের দাম বেশি হওয়ায় মূল্য তালিকার তুলনায় ঈদের পরের কয়েক দিন প্রতি পিস দইয়ে দাম কিছুটা বাড়িয়ে বিক্রি করতে হয়েছে।

আকবরিয়া দই ও মিষ্টির বিক্রয় প্রতিনিধি সাগর কুমার দৈনিক করতোয়াকে বলেন, ঈদের দুই দিন আগে থেকে গত শুক্রবার পর্যন্ত তারা দম ফেলার সুযোগ পাননি। বিগত যেকোন বছরের তুলনায় চলতি ঈদের দইয়ে বিক্রি অনেক বেশি। আলহাজ মহরম আলী দই ঘরের সহকারী ম্যানেজার আনোয়ার হোসেন দৈনিক করতোয়াকে বলেন, বগুড়ার দইয়ের চাহিদা বছরজুড়ে দেশব্যাপী। তবে উৎসগুলোতে এই বিক্রি কয়েকগুণ বেড়ে যায়। এবার তার ব্যতিক্রম হয়নি। যে পরিমাণ দই বিক্রি হয়েছে তা শত কোটি টাকা পেরিয়ে যাবে।

আরও পড়ুন

বগুড়া সদরের মাইশা দই এন্ড মিষ্টির স্বত্বাধিকারী মোজাম্মেল হোসেন বলেন, বগুড়ার দইয়ের জনপ্রিয়তা দেশজুড়ে। দিন দিন চাহিদা বাড়ায় বিক্রির বাড়ছে। আনন্দ-উৎসবে এই বিক্রি কয়েকগুণ বেড়ে যায়। গত ৮-১০ দিনে বগুড়ায় যে পরিমাণ দই বিক্রি হয়েছে তাতে বিক্রির পরিমাণ দেড় থেকে দুইশ’ কোটি টাকা হবে।  
তবে বগুড়ার দইয়ের স্বাদ, গুণগত মান, ঘনত্ব ও সঠিক ওজন আগের মতো নেই বলে অভিযোগ বেশিরভাগ ক্রেতার।

তারা বলছেন, ঈদে বাড়তি চাহিদাকে পুঁজি করে অসাধু ব্যবসায়ীরা নিম্নমানের উপকরণ ব্যবহার করে অতিলাভের আশায় বগুড়ার দইয়ে সুনাম নষ্ট করছেন। এসব অসাধু ব্যবসায়ী বিভিন্ন পাড়া-মহল্লায় কোন নিয়মনীতির তোয়াক্কা না করে গাভীর তরল খাঁটি দুধের পরিবর্তে গুঁড়া দুধ, স্টার্চ ও অন্যান্য রাসায়নিক উপাদানে দই তৈরি করছেন। ক্রেতারা আসল ও নকল দইয়ের পার্থক্য করতে না পাড়ায় ঐতিহ্যবাহী শতবর্ষী বগুড়ার দইয়ের সুনাম ধীরে ধীরে নষ্ট হচ্ছে।

বগুড়ার দইয়ের খ্যাতি দেশের গন্ডি পেরিয়ে বিদেশজুড়েও। শুধু দই-ই এ জেলাকে দিয়েছে ভিন্ন পরিচয়। স্বাদে অতুলনীয় হওয়ায় বগুড়ার দইয়ের জনপ্রিয়তা যুগ যুগ ধরে অটুট। ২০২৩ সালের ২৬ জুন ভৌগোলিক নির্দেশক (জিআই) স্বীকৃতি পাওয়া শতবর্ষের ঐতিহ্য আর খাঁটি দুধের মিশেল তৈরি বগুড়ার দই ছাপিয়ে গেছে তার ঐতিহ্যকেও।

তবে বগুড়ার দইয়ের জিআই স্বীকৃতি পাওয়ার পরেও উপযুক্তভাবে প্রক্রিয়াকরণ করে দ্রুত সময়ের মধ্যে পাঠানোর ব্যবস্থা না থাকা এবং সনাতনি পদ্ধতিতে উৎপাদনের কারণে আজও পণ্যটি রপ্তানির দুয়ার খোলা সম্ভব হয়নি।

সংশ্লিষ্ট ব্যবসায়ীদের দাবি, দই পরিবহনের জন্য বগুড়ায় বিমানবন্দর ও রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) সুবিধা থাকা আবশ্যক। তখন প্রক্রিয়াকরণ করে দ্রুত দেশের বাইরে পাঠানো সম্ভব হবে। বিমানবন্দর ও ইপিজেড সুবিধা থাকলে বিশ্ববাজারে বগুড়ার দই একটা ভালো অবস্থান তৈরির পাশাপাশি অনেক কর্মসংস্থানও সৃষ্টিতে ভূমিকা রাখবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় ঈদ উৎসবে দেড়শ’ কোটি টাকার দই বেচাকেনা, রপ্তানিতে বিমানবন্দর ও ইপিজেড চান ব্যবসায়ীরা

বগুড়ার সান্তাহারে বাসযাত্রীর প্যান্টের পকেটে মিলল ৪‘শ ইয়াবা

সিলেটে হামে আরেক শিশুর মৃত্যু, মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৫

বগুড়ার আদমদীঘিতে গলায় দুধ আটকে ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

বগুড়ার ধুনটে অটোভ্যান উল্টে পুকুরের পড়ে চালক নিহত

সাতক্ষীরায় সীমানা পিলারসহ গ্রেপ্তার ৪