জামালপুরে জমি নিয়ে বিরোধে ভাতিজার হাতে চাচা খুন
জামালপুরে জমি নিয়ে বিরোধের জেরে ভাতিজার হামলায় চাচা আব্দুল হক (৪৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আব্দুল হকের স্ত্রী জুলেখা বেগম (৪১) আহত হয়ে জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
আব্দুল হক ওই এলাকার মৃত মনসুর আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে নিজেদের পৈতৃক কৃষি জমি নিয়ে আব্দুল হক ও তার ভাতিজা সালামের সঙ্গে বিরোধ চলছিল। আজ শনিবার দুপুরে সেই জমির ধান কেটে তা মাড়াই করতে যান আব্দুল হক। এতে ক্ষিপ্ত হয়ে তার ভাতিজা সালাম ও তার স্ত্রীসহ আরও দুই-তিনজন লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে আব্দুল হক ও তার স্ত্রী জুলেখা বেগমের ওপর হামলা চালায়। এতে ভাতিজা সালামের আঘাতে চাচা আব্দুল হক।
ঘটনাস্থলেই মারা যান এবং আব্দুল হকের স্ত্রী জুলেখা বেগম আহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহত আব্দুল হকের আরেক ভাতিজা রোকন মিয়া বলেন, সালামদের সঙ্গে আমার চাচার অনেক আগে থেকেই জমি নিয়ে দ্বন্দ্ব। সালাম দীর্ঘদিন বিদেশে ছিল। সে কিছুদিন আগে দেশে এসেই কাকার সঙ্গে ঝামেলা করছে। আজকে কাকা ধান কেটে মাড়াই করতে যাচ্ছিলো। তখন তারা কাকা-কাকির ওপরে হামলা করে। ঘটনার সময় আমি পাশেই আমার বাড়িতে ছিলাম। পরে আমি এসে দেখি কাকা মাটিতে পড়ে আছেন। তারপর এ ঘটনা দেখতে অনেক মানুষজন আসেন।
এ বিষয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, ভাতিজার সঙ্গে জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচা নিহত হন। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1780751461.jpg)


_medium_1780750771.jpg)


