চলন্ত কপোতাক্ষ এক্সপ্রেস থেকে ইঞ্জিন বিচ্ছিন্ন, ওয়েম্যান আহত
রাজশাহী প্রতিনিধি: রাজশাহীতে চলন্ত কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেন থেকে ইঞ্জিন বিচ্ছিন্ন হয়ে ওয়েম্যান জাহিদ (৪০) আহত হয়েছেন। মাথায় গুরুতর আঘাত পাওয়া জাহিদকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার বেলা ১টা ১০মিনিটে রাজশাহী নগরীর নতুন বুধপাড়া রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, রাজশাহী-খুলনা রুটে চলাচলকারী কপোতাক্ষ এক্সপ্রেসের পেছনে ঈশ্বরদী থেকে একটি অতিরিক্ত ইঞ্জিন রাজশাহীতে আনা হচ্ছিল। পথে পবা উপজেলার ভরোয়াপাড়া এলাকায় ট্রেনের পেছন থেকে ইঞ্জিনটি বিচ্ছিন্ন হয়ে যায়। ট্রেনটি দ্রুতগতিতে এগিয়ে যাওয়ায় বিচ্ছিন্ন ইঞ্জিনটি পেছনে পেছনে আসতে থাকে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চারুকলা এলাকায় থামে। ইতোমধ্যে কপোতাক্ষ এক্সপ্রেস রাজশাহী রেলওয়ে স্টেশনে পৌঁছে যায়। পরে ইঞ্জিনে থাকা লোকো মাস্টার ইঞ্জিনটি চালু করে স্টেশনে নিয়ে যান।
গ্যাং-৬-এর ওয়েম্যান সেকেন্দার আলী জানান, বিচ্ছিন্ন ইঞ্জিনটি ট্রেনের ঠিক পেছনে থাকায় বোঝা যাচ্ছিল না যে এটি খুলে গেছে। ট্রেন চলে যাওয়ার পর জাহিদ রেললাইনে ওঠামাত্র পেছন থেকে আসা ইঞ্জিনটি তাকে ধাক্কা দেয়। এতে তিনি মাথায় আঘাত পান। পরে রাজশাহী বিশ্ববিদ্যালয় ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে তাকে রামেক হাসপাতালে নেওয়া হয়।
আরও পড়ুনপশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক ফরিদ আহমেদ বলেন, কপোতাক্ষ ট্রেনের পেছনের বগির সঙ্গে একটি ইঞ্জিন সম্ভবত ঈশ্বরদী থেকে আনা হচ্ছিল। পথে ইঞ্জিনটি বিচ্ছিন্ন হয়ে যায়। কেন এটি খুলে গেল তা খতিয়ে দেখা হচ্ছে।
মন্তব্য করুন




_medium_1780490300.jpg)




