প্রেমের টানে টাঙ্গাইলে চীনা যুবক
বাংলাদেশী তরুণীকে বিয়ে করতে ওয়াং ইউলাই (৩২) নামের এক চীনা নাগরিক টাঙ্গাইলের মির্জাপুরে এসেছেন বলে জানা গেছে।
গতকাল শনিবার উপজেলার জামুর্কী ইউনিয়নের পাকুল্যা গ্রামের বাসিন্দা আলী হোসেনের বাড়িতে আসেন ওয়াং ইউলাই। তিনি চীনের রাঙ্গগুই প্রদেশের বাসিন্দা এবং পেশায় একজন স্কুলশিক্ষক বলে জানিয়েছেন।
তরুণীর পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় সাত মাস আগে সামাজিক যোগাযোগমাধ্যমে (ওয়ার্ল্ড টক অ্যাপ) ওয়াং ইউলাই ও আনিকা আক্তারের পরিচয় হয়। প্রথমে বন্ধুত্ব, পরে সেই সম্পর্ক প্রেমে রূপ নেয়। সাত মাস অনলাইনে যোগাযোগের পর এক মাসের ভিসা নিয়ে বাংলাদেশে আসেন চীনা এই যুবক।
ওয়াং ইউলাই বলেন, ‘আমি আনিকাকে ভালোবাসি। তাকে বিয়ে করে সুখে শান্তিতে সংসার করতে চাই। বাংলাদেশে এসে তার পরিবারের কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছি। আমি বাংলাদেশের আইন অনুযায়ী ইসলাম ধর্ম গ্রহণ করে আনিকাকে বিয়ে করতে চাই। বিয়ের পর তাকে নিয়ে চীনে ফিরে যাওয়ার পরিকল্পনা রয়েছে।’
ওয়াং ইউলাই বলেন, ‘চীনা নাগরিক পরিচয়ে অনেক সময় কিছু প্রতারক বাংলাদেশিদের সাথে প্রতারণা করে এবং মানবপাচারের মতো অপরাধে জড়ায়। তবে চীনের আইন খুবই কঠোর। আমি বৈধভাবে বিয়ে করে আনিকাকে নিজের দেশে নিয়ে যেতে চাই।’
আনিকা আক্তার বলেন, ‘অনলাইনে পরিচয়ের পর ধীরে ধীরে আমাদের মধ্যে ভালো সম্পর্ক গড়ে ওঠে। এখন আমরা বিয়ের মাধ্যমে সেই সম্পর্ককে পরিণতি দিতে চাই।’
আরও পড়ুনচীনা যুবকের আগমনের খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়। বিদেশি নাগরিককে এক নজর দেখতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে মানুষ আনিকার বাড়িতে ভিড় করেন।
তরুণীর পরিবারের সদস্যরা জানান, বর্তমানে এক মাসের ভিসায় বাংলাদেশে অবস্থান করছেন ওয়াং ইউলাই। বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে কিছুদিন শ্বশুরবাড়িতে থাকবেন। পরে প্রয়োজনীয় কাগজপত্র সম্পন্ন করে স্ত্রীকে নিয়ে চীনে ফিরে যাওয়ার পরিকল্পনা রয়েছে।
এদিকে আজ রবিবার (৩১ মে) দুপুরে আনিকার পরিবারের সদস্যদের সাথে মির্জাপুর থানায় সৌজন্য সাক্ষাৎ করেন ওয়াং ইউলাই। এ সময় তারা মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুনের সাথে দেখা করেন।
এ বিষয়ে ওসি আবদুল্লাহ আল মামুন বলেন, তারা থানায় সৌজন্য সাক্ষাৎ করতে এসেছিলেন। চীনা নাগরিক তার একটি পাসপোর্ট প্রদর্শন করেছেন। তাদের কোনো আইনগত সহযোগিতা প্রয়োজন হলে পুলিশ প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক







