ভিডিও শুক্রবার, ২৯ মে ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ২৯ মে, ২০২৬, ০৩:১০ দুপুর

আদ্-দ্বীনে নবজাতকের মৃত্যু: দায়ীদের শাস্তি ও ক্ষতিপূরণ চেয়ে লিগ্যাল নোটিশ

আদ্-দ্বীনে নবজাতকের মৃত্যু: দায়ীদের শাস্তি ও ক্ষতিপূরণ চেয়ে লিগ্যাল নোটিশ

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালের মাতৃত্ব ও নবজাতক ওয়ার্ডে একাধিক নবজাতকের মৃত্যু ও অসুস্থতার ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।

একই সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ প্রদান এবং দেশের সব হাসপাতালের মা ও নবজাতক ওয়ার্ডে জরুরি নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানিয়ে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান আজ শুক্রবার (২৯ মে)স্বাস্থ্যসেবা বিভাগের সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) এবং আদ্-দ্বীন হাসপাতালের পরিচালকের কাছে এ নোটিশ পাঠান।

নোটিশে বলা হয়, সম্প্রতি আদ্-দ্বীন হাসপাতালের মাতৃত্ব ও নবজাতক ওয়ার্ডে ঘটে যাওয়া একাধিক নবজাতকের মৃত্যু ও অসুস্থতার ঘটনায় দেশজুড়ে উদ্বেগ ও ক্ষোভ তৈরি হয়েছে। বিভিন্ন সংবাদমাধ্যম ও অভিভাবকদের অভিযোগ অনুযায়ী, গভীর রাতে সদ্য জন্ম নেওয়া কয়েকটি নবজাতক হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়ে।

তাদের মধ্যে অবিরাম কান্না, বমি, শ্বাসকষ্ট এবং দ্রুত শারীরিক অবস্থার অবনতির মতো লক্ষণ দেখা যায়। একই সময়ে কয়েকজন প্রসূতি মাও অসুস্থ হয়ে পড়েন।

আরও পড়ুন

নোটিশে অভিযোগ করা হয়, সংকটময় পরিস্থিতিতে পর্যাপ্ত জরুরি চিকিৎসাসেবা ও সার্বক্ষণিক পর্যবেক্ষণ নিশ্চিত করা হয়নি। দায়িত্বপ্রাপ্ত চিকিৎসাকর্মীদের উপস্থিতি ও তৎপরতা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। এছাড়া গুরুতর অসুস্থ নবজাতকদের উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে স্থানান্তরে বিলম্ব হয়েছে বলেও অভিযোগ রয়েছে। এর ফলে একের পর এক নবজাতকের মৃত্যু ঘটে, যা জনমনে গভীর শোকের সৃষ্টি করেছে।

লিগ্যাল নোটিশে আরও বলা হয়, এ ঘটনা দেশের হাসপাতালগুলোর মাতৃত্ব ও নবজাতক ওয়ার্ডে নিরাপত্তা ও জরুরি চিকিৎসা ব্যবস্থার দুর্বলতা সামনে এনে দিয়েছে। বিশেষ করে নবজাতক ও প্রসূতি মায়েদের জন্য কার্যকর মনিটরিং, দ্রুত চিকিৎসাসেবা এবং জবাবদিহিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রয়োজনীয়তা আবারও স্পষ্ট হয়েছে।

নোটিশে চার দফা দাবি উত্থাপন করা হয়েছে। দাবিগুলো হলো—
১. আদ্-দ্বীন হাসপাতালের নবজাতক মৃত্যুর ঘটনায় দায়ীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে বিভাগীয় ও ফৌজদারি ব্যবস্থা নেওয়া।
২. ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পর্যাপ্ত ও কার্যকর ক্ষতিপূরণ প্রদান করা।
৩. দেশের সরকারি ও বেসরকারি হাসপাতালের মাতৃত্ব ও নবজাতক ওয়ার্ডে জরুরি চিকিৎসা সাড়া, রোগী নিরাপত্তা এবং সার্বক্ষণিক পর্যবেক্ষণ নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশিকা ও কার্যকর ব্যবস্থা প্রণয়ন করা।
৪. হাসপাতালগুলোর নিরাপত্তা, চিকিৎসাসেবার মান এবং জরুরি সাড়া ব্যবস্থার নিয়মিত তদারকির জন্য কার্যকর মনিটরিং ব্যবস্থা বা তদারকি কমিটি গঠন করা।

নোটিশে আগামী ৭২ ঘণ্টার মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়ে নেওয়া পদক্ষেপ জনসাধারণের সামনে তুলে ধরার অনুরোধ জানানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আদ্-দ্বীনে নবজাতকের মৃত্যু: দায়ীদের শাস্তি ও ক্ষতিপূরণ চেয়ে লিগ্যাল নোটিশ

চট্টগ্রামের কর্ণফুলীতে বাস-লেগুনা সংঘর্ষে নিহত বেড়ে ৪

ঈদের দ্বিতীয় দিনেও জাতীয় চিড়িয়াখানায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

ব্রাহ্মণবাড়িয়ায় কোরবানির চামড়া নিয়ে বিরোধের জেরে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ

অব্যবস্থাপনা ও সিন্ডিকেটের কারণে চামড়া নষ্ট হতে দেওয়া হবে না: বাণিজ্যমন্ত্রী

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের যুবকের মৃত্যু