চোট চিন্তায় বিশ্বকাপ দলে বড় পরিবর্তন আনছে আর্জেন্টিনা
স্পোর্টস ডেস্ক : ২০২২ সালে কাতারের লুসাইল স্টেডিয়ামে ফ্রান্সকে হারিয়ে দীর্ঘ ৩৬ বছরের ফুটবল বিশ্বকাপ খরা কাটিয়েছিল আর্জেন্টিনা। লিওনেল মেসির সেই অধরা স্বপ্নপূরণের পর এবার আলবিসেলেস্তেদের সামনে বিশ্বমঞ্চে শিরোপা ধরে রাখার মিশন। তবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর মাটিতে অনুষ্ঠেয় বিশ্বকাপের মহাযজ্ঞ শুরুর আগেই আর্জেন্টাইন সমর্থকদের জন্য বিরাট দুঃসংবাদ।
দলের রক্ষণভাগ নিয়ে বড় ধরনের মরুঝড়ের মুখে পড়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। একের পর এক ডিফেন্ডারের চোট ও ফিটনেস সমস্যায় বিশ্বকাপ স্কোয়াড পরিকল্পনা নতুন করে সাজাতে বাধ্য হচ্ছেন কোচ লিওনেল স্কালোনি। টুর্নামেন্টের দীর্ঘ পথ পাড়ি দিতে এবার প্রথাগত কৌশলের বাইরে গিয়ে রক্ষণভাগে বাড়তি খেলোয়াড় রাখার কথা ভাবছে টিম ম্যানেজমেন্ট। আর্জেন্টাইন সাংবাদিক গাস্তন এদুলের বরাতে ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম ‘মুন্দো আলবিসেলেস্তে’ জানিয়েছে, আসন্ন বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াডে সাধারণত যেখানে আটজন ডিফেন্ডার রাখা হয়, সেখানে এবার নয়জন ডিফেন্ডার রাখার কথা গুরুত্ব দিয়ে ভাবছেন কোচ স্কালোনি। দলের রক্ষণভাগের বর্তমান চোট পরিস্থিতিই কোচকে এই বাড়তি সতর্কতামূলক পদক্ষেপ নিতে বাধ্য করছে।
বর্তমান পরিস্থিতিতে আর্জেন্টিনার সবচেয়ে বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছেন দলের অন্যতম সেরা সেন্টার-ব্যাক ক্রিস্তিয়ান রোমেরো। ইনজুরির কারণে বিশ্বকাপে তার খেলা নিয়ে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। এর পাশাপাশি দলের আরেক নির্ভরযোগ্য ফুলব্যাক গঞ্জালো মন্টিয়েলও ভুগছেন তীব্র ফিটনেস সমস্যায়। বিশ্বকাপের মতো দীর্ঘ ও উচ্চ তীব্রতার টুর্নামেন্টে রক্ষণভাগের এই দুই মূল অস্ত্রের চোট স্কালোনির চেনা ছককে অনেকটাই নড়বড়ে করে দিয়েছে। নকআউট পর্বসহ পুরো টুর্নামেন্টে হুট করে যেন কোনো বড় বিপর্যয় না ঘটে, সেজন্য স্কোয়াডে একজন বাড়তি ডিফেন্ডার ব্যাক-আপ হিসেবে রাখার সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত।
আরও পড়ুনডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে আর্জেন্টিনা এবারও টুর্নামেন্টের অন্যতম হট ফেবারিট। বিশ্বকাপের গ্রুপ ‘জে’-তে আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডানের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়নরা। তবে মাঠের লড়াই শুরু হওয়ার আগেই ডিফেন্স লাইনের এই ইনজুরি জট স্কালোনির মাস্টারপ্ল্যানকে কতটা প্রভাবিত করে, সেটিই এখন দেখার বিষয়।
মন্তব্য করুন








