প্রস্তাবিত বাংটুরঘাট সেতুর সম্ভাব্যতা যাচাইয়ে চীনা প্রতিনিধি দল কুড়িগ্রামে
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি: কুড়িগ্রাম সদর উপজেলার ধরলা নদীর উপর প্রস্তাবিত বাংটুরঘাটে একটি সেতু নির্মাণের জায়গা পরিদর্শন করলো চীনা রোড ব্রিজ কর্পোরেশনের ৫ সদস্যের একটি প্রতিনিধি দল।
আজ শনিবার (২৩ মে) দুপুরে চীনের রোড ব্রিজ কর্পোরেশনের প্রধান প্রকৌশলী জাইয়া সাই এর নেতৃত্বে ৫ সদস্যের দল বাংটুরঘাট এলাকায় সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ে ধরলার দুই পাড় পরিদর্শন করে। চীনা প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা হলেন- চীনা রোড ব্রিজ কর্পোরেশনের বিজনিস ম্যানেজার ইউ জিগিং, মার্কেটিং ম্যানেজার ওয়াং জিংওয়েই, ডিজাইন ইঞ্জিনিয়ার পেংটাও, এ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার শানতোনো।
এসময় বাংলাদেশের সেতু বাস্তবায়ন ও ভবন ব্যবস্থাপনা ইউনিটের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো: এবাদত আলী, কুড়িগ্রাম এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো: সাইফুর রহমান, জেলা বিএনপি’র আহবায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, যুগ্ম আহবায়ক হাসিবুর রহমান হাসিবসহ স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।
প্রতিনিধি দল সদর উপজেলার শিবরাম বাংটুরঘাট এলাকায় ধরলার নদীর ওপর ১ হাজার ৭৫০ মিটার প্রস্তাবিত সেতু নির্মাণের নকশা প্রণয়ন ও কারিগরি বিষয় পরিদর্শন করেন। এর আগে ধরলা নদী দ্বারা বিচ্ছিন্ন ফুলবাড়ী উপজেলাসহ নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী উপজেলার মানুষের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে সদরের শিবরাম বাংটুরঘাট এলাকায় সেতু নির্মাণের প্রস্তাবনা দেয় এলজিইডি।
আরও পড়ুনসেতুটি নির্মাণ হলে যোগাযোগের সুবিধাসহ জীবন মান উন্নয়ন হবে ৩ উপজেলার ৮ লক্ষাধিক মানুষের। সুবিধা মিলবে জেলার ভুরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর কেন্দ্রিক পণ্য আনা নেয়ারও সুযোগ বৃদ্ধি পাবে।
বাংলাদেশের সেতু বাস্তবায়ন ও ভবন ব্যবস্থাপনা ইউনিটের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো: এবাদত আলী জানান, ঈদের পর একটি স্টাডি টিম এসে সেতু নির্মাণের বিস্তারিত সুবিধা নির্নয় করার পর রিপোর্ট দিলে ব্যবস্থা নেয়া হবে। এখন সম্ভাব্যতা যাচাই পরিদর্শনের কাজটি চীনা প্রতিনিধি দলসহ এ প্রকল্পের আওতায় করা হচ্ছে বলে জানিয়ে আগামীতে এটির বিস্তারিত বলা সম্ভব হবে।
মন্তব্য করুন







