নীলফামারীর সৈয়দপুরে পুকুরে ডুবে কলেজ ছাত্রের মৃত্যু
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে পুকুরের পানিতে ডুবে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। আজ শনিবার (২৩ মে) দুপুরে কলেজের উত্তর পাশে নিঝুম আবাসিক এলাকার একটি পুকুরে ওই ঘটনা ঘটেছে। মৃত ছাত্রের নাম রাফিদ রহমান কাব্য (১৭)।
সে সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এবারের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার্থী ছিল। রাফিদ রহমান কাব্য নীলফামারীর ডোমার উপজেলার চিকনমাটি মোজাপাড়ায় এলাকার ব্যবসায়ী মো. হাবিবুর রহমান ও গৃহিনী শাম্মী আক্তারের ছেলে।
খোঁজ নিয়ে জানা গেছে, ঘটনার দিন আজ শনিবার (২৩ মে) দুপুরে তারা কয়েক সহপাঠী (ক্লাসমেট) মিলে কলেজের মাঠে ফুটবল খেলে। এরপর তারা এক সাথে কলেজ মাঠের উত্তর পাশে নিঝুম আবাসিক এলাকার একটি পুকুরে গোসল করতে নামে। সেখানে গোসল করার এক পর্যায়ে কলেজ ছাত্র রাফিদ রহমান কাব্য আকস্মিক পুকুরের পানি ডুবে তলিয়ে যায়।
এ সময় তার সহপাঠীরা তাকে উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হয়। পরবর্তীতে তারা পাশের একটি নির্মাণাধীন ভবনে কর্মরত নির্মাণ শ্রমিকদের ঘটনাটি অবগত করে। এ সময় নির্মাণ শ্রমিকরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে খোঁজাখুঁজির পর অজ্ঞান ও নিথর অবস্থায় কাব্যকে উদ্ধার করেন। এরপর দ্রুত তাকে সৈয়দপুর সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়।
আরও পড়ুনসেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। আজ শনিবার (২৩ মে) বাদ মাগরিব সৈয়দপুর ক্যান্টনমেন্ট কলেজ মাঠে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে তার মরদেহ গ্রামের বাড়ি ডোমার উপজেলার চিকনমাটি মোজাপাড়ায় নিয়ে যাওয়া হয়। সেখানে দ্বিতীয় নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। সে সৈয়দপুর শহরের নিচু কলোনী এলাকার একটি ভাড়া বাসায় মায়ের সাথে থেকে লেখাপড়া করতো।
তার মৃত্যুতে সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষক-শিক্ষিকা ও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
মন্তব্য করুন








_medium_1779537031.jpg)