রাজধানীর হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারে দেশ-বিদেশের প্রায় এক হাজার অ্যাথলেটের অংশগ্রহণে সম্পন্ন হলো আন্তর্জাতিক হাফ ম্যারাথন ‘ওয়ান রান’।
‘ওয়ান রান, ওয়ান গোল অ্যান্ড ওয়ান ওয়ার্ল্ড’ এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত এই প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আজ শনিবার সকালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার জাইমা রহমান।
অনুষ্ঠানে তিনি যুবসমাজকে অনুপ্রাণিত করে বলেন, ‘জীবনকে ভালোবাসুন, ফিট থাকুন’।
ব্যারিস্টার জাইমা রহমান তার বক্তব্যে দেশের বিভিন্ন প্রান্তে আয়োজিত এই ধরনের দৌড় প্রতিযোগিতার ভূয়সী প্রশংসা করেন।
তিনি বলেন, ‘বান্দরবান, কক্সবাজার বা চট্টগ্রামের মতো জায়গাগুলোতে আয়োজিত এই ধরনের ইভেন্ট সাধারণ মানুষকে সুস্থ ও ফিট থাকতে দারুণভাবে অনুপ্রাণিত করছে।’
ভবিষ্যতে নিজেও এমন আন্তর্জাতিক মানের আয়োজনে অংশ নিয়ে সবার সঙ্গে ট্র্যাকে দৌড়ানোর আগ্রহ প্রকাশ করেন জাইমা রহমান।
তিনি আরও বলেন, ‘একটি সুস্থ ও সুন্দর সমাজ গড়তে নারী-পুরুষ এবং সব ধরনের সামর্থ্যের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা অত্যন্ত প্রয়োজন। আর এই লক্ষ্য অর্জনে সমাজের সবাইকে পারস্পরিক সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ৭৪ বছর বয়সী এক ম্যারাথন অ্যাম্বাসেডরের জীবনের অনুপ্রেরণাদায়ক গল্পের উদাহরণ টেনে ব্যারিস্টার জাইমা যুবসমাজকে অলসতা ভেঙে মাঠমুখী হওয়ার আহ্বান জানান। আন্তর্জাতিক মানের এই হাফ ম্যারাথনটি সফলভাবে সম্পন্ন করার জন্য তিনি সংশ্লিষ্ট সকল আয়োজক ও অ্যাথলেটদের আন্তরিক ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, ‘সুস্থ ও সুন্দর সমাজ বিনির্মাণে খেলাধুলার কোনো বিকল্প নেই। সবাই মিলে দেশে একটি সর্বজনীন খেলাবান্ধব পরিবেশ তৈরি করতে পারলে পারিবারিক, সামাজিক এবং রাষ্ট্রীয় পর্যায়ে সমাজের গুণগত পরিবর্তন আনা সম্ভব।’
আরও পড়ুন
প্রতিমন্ত্রী আরও বলেন, দেশের খেলাধুলার সামগ্রিক মানোন্নয়ন এবং বিশ্বমঞ্চে স্পোর্টস ডিপ্লোম্যাসিকে এগিয়ে নিতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
তিনি উল্লেখ করেন, বাংলাদেশের ক্রীড়াঙ্গনের আধুনিক রূপান্তর ও চলমান অগ্রযাত্রার মূল রূপকার প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। বর্তমান সরকারের মূল লক্ষ্যই হলো যুবসমাজকে মাদক ও অনৈতিক পথ থেকে দূরে রেখে মাঠমুখী করা এবং স্পোর্টসকে একটি শক্তিশালী মাধ্যম হিসেবে গড়ে তোলা।
উল্লেখ্য, এবারের আন্তর্জাতিক হাফ ম্যারাথনে ১, ৫, ১০ এবং ২১.১ কিলোমিটার—এই চার ক্যাটাগরিতে দেশি-বিদেশি অ্যাথলেটরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন, যা দেশের উদীয়মান ক্রীড়া ও ফিটনেস সংস্কৃতির এক ইতিবাচক চিত্র তুলে ধরেছে।