বিশ্বজুড়ে মুসলিম ও দুর্বলদের ওপর নির্যাতন বন্ধে মহাসত্যের ভিত্তিতে ঐক্যের আহ্বান - ইসলামী সমাজ
ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে মুসলিম ও নিপীড়িত জনগণের ওপর নির্যাতন বন্ধ এবং বৈষম্যমুক্ত বিশ্ব গঠনে ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে রাজধানী ঢাকায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে 'ইসলামী সমাজ'।
আজ মঙ্গলবার (১৯ মে ২০২৬) সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এই কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধনে প্রধান বক্তার বক্তব্যে ইসলামী সমাজের আমীর হজরত সৈয়দ হুমায়ূন কবীর বলেন, বিশ্ববাসী সমাজ ও রাষ্ট্র পরিচালনায় আল্লাহর আইনের পরিবর্তে মানব রচিত ব্যবস্থা মেনে চলায় নানামুখী আযাব ও গজবের মুখোমুখি হচ্ছে। আধিপত্য বিস্তার, সম্পদের লোভ এবং জাতীয়তাবাদী সংকীর্ণতার কারণে মানুষে মানুষে দ্বন্দ্ব-সংঘাত বাড়ছে। ফলে দুনিয়ায় অশান্তির পাশাপাশি মানুষের আখিরাতও ধ্বংসের মুখে পড়ছে।
ভারতের পশ্চিমবঙ্গের সাম্প্রতিক পরিস্থিতির কথা উল্লেখ করে সৈয়দ হুমায়ূন কবীর বলেন, ২০২৬ সালের মে মাসে সেখানে বিধানসভা নির্বাচনে হিন্দু জাতীয়তাবাদী দল বিজেপির জয়ের পরপরই মুসলিমদের ওপর নানা নির্যাতনের চিত্র সামনে এসেছে। তাদের মসজিদ ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা এবং ঘরবাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। এছাড়া ফিলিস্তিন, মিয়ানমার ও চীনের উইঘুরেও মুসলিমদের ওপর অমানবিক নির্যাতন চলছে বলে তিনি উল্লেখ করেন।
সংগঠনের রংপুর বিভাগের সহকারী দায়িত্বশীল জনাব মো. হুমায়ূন কবিরের সঞ্চালনায় মানববন্ধনে আমীর আরও বলেন, সকল প্রকার নির্যাতনের অবসান ঘটাতে হলে ‘সার্বভৌমত্ব ও আইন-বিধান একমাত্র আল্লাহর’—এই মহাসত্যের ভিত্তিতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। মহানবী হযরত মুহাম্মাদ (সা.)-এর প্রদর্শিত পদ্ধতিতে সকল ধর্মের মানুষের অধিকার ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করে ইসলামের আইন প্রতিষ্ঠা করাই এই সংকটের একমাত্র সমাধান।
আরও পড়ুনইসলাম প্রতিষ্ঠার প্রচেষ্টাকে ঈমানী, নৈতিক ও মানবিক দায়িত্ব উল্লেখ করে তিনি দলমত নির্বিশেষে সকলকে ইসলামী সমাজের এই শান্তিপূর্ণ আন্দোলনে শামিল হওয়ার আহ্বান জানান।
মানববন্ধনে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন সংগঠনের নেতা মুহাম্মাদ ইউসুফ আলী মোল্লা, মুহাম্মাদ ইয়াছিন ও মো. নুরুদ্দিন প্রমুখ।
প্রেসক্লাবের সামনে মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পল্টন মোড়, বিজয়নগর-কালভার্ট রোড, ফকিরাপুল মোড় ও দৈনিক বাংলা মোড় ঘুরে বায়তুল মোকাররমের উত্তর গেটে গিয়ে শেষ হয়।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক








