হামজাদের কোচ হিসেবে আলোচনায় জার্মান থমাস ডুলি
স্পোর্টস ডেস্ক : হামজা চৌধুরী-শমিত সোমদের কোচ নির্বাচনে ওয়েলসের সাবেক কোচ ক্রিস কোলম্যানের নামটিই বেশি উচ্চারিত হয়ে আসছিল। হঠাৎ করে নতুন করে আলোচনায় জার্মান কোচ থমাস ডুলি। তার নামটি জোরালোভাবে ওঠার বড় কারণ গায়ানা কোচের পদ থেকে পদত্যাগ করা। দুইয়ে দুইয়ে চার মিলিয়ে এই পদত্যাগ ঘিরেই শুরু হয়েছে নতুন গুঞ্জন।
জাতীয় ফুটবল দলের কোচ নির্বাচনে গতকাল বুধবার অনলাইনে সভা করে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি। সেখানে কোচ নিয়োগ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি কমিটি। সভাপতি তাবিথ আউয়ালের কথা অনুযায়ী, ১৫ মে কোচের সঙ্গে চুক্তি করবেন তারা। সেই হিসেবে হাতে সময় মাত্র এক দিন। গতকাল কোচের নাম প্রকাশ না করলেও কোলম্যান আর থমাস ডুলির নামটিই বেশিই উচ্চারিত হচ্ছে। কোলম্যানের চাওয়া অনুযায়ী সহকারী কোচিং স্টাফ তার পছন্দে হতে হবে।
বাফুফে চাচ্ছে দেশীয় কাউকে সহকারী কোচের দায়িত্বে দিতে। দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার এই চাওয়ার সঙ্গে নাকি একমত হয়েছেন থমাস ডুলি। বাংলাদেশ ফুটবল দলের কোচ হওয়ার ব্যাপারটি অনেকটা চূড়ান্ত হয়েছে বলেই ডুলি গায়ানার কোচের পদ ছেড়েছেন বলে গুঞ্জন উঠেছে ফুটবলাঙ্গনে। বাফুফের টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান কামরুল ইসলাম হিলটনের কথায়ও স্পষ্ট তাদের বিচারে-বিবেচনায় আছেন ডুলি, থমাস ডুলি আমাদের সংক্ষিপ্ত তালিকায় আছেন। এখন কোচ নিয়োগের বিষয়টি পুরোপুরি সভাপতি নিজেই দেখছেন। তিনি ১৫ মে ঘোষণা দেবেন বলে জানি।
আরও পড়ুন৬৫ বছর বয়সী ডুলি খেলোয়াড় হিসেবে যেমন বুন্দেসলিগা ও উয়েফা কাপ জয়ী। কোচ হিসেবেও প্রোফাইল বেশ ভারি। ছিলেন জার্মান কিংবদন্তি ইয়ুর্গেন ক্লিন্সমানের সহকারী। বিশেষ করে ফিলিপাইন জাতীয় দলকে সাফল্য এনে দেওয়া এবং প্রথমবার এশিয়ান কাপের মূল পর্বে কোয়ালিফাই করানোর অভিজ্ঞতা তাকে বাফুফের তালিকার শীর্ষে রাখার বড় কারণ হতে পারে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন বর্তমানে এমন একজন অভিজ্ঞ কোচ খুঁজছে, যিনি এশিয়ান ফুটবল সম্পর্কে সম্যক ধারণা রাখেন। তবে ডুলির কোচিং ক্যারিয়ারে শৃঙ্খলার বিষয়টি যেমন প্রশংসিত, তেমনি গায়ানায় স্থানীয় খেলোয়াড়দের সঙ্গে তার দ্বন্দ্ব কিছুটা বিতর্কেরও জন্ম দিয়েছিল।
ডুলি ছাড়াও বাফুফের সংক্ষিপ্ত তালিকায় আছেন-টনি কনসেইসাও, অ্যান্তন হে, টুম কুলসো, মাইকেল উইজ এবং মাইকেল নিস। বেতন এবং অন্যান্য সুযোগ-সুবিধা নিয়ে এই কোচদের সঙ্গে কয়েক দিন ধরে আলোচনা করে আসছে বাফুফে।
মন্তব্য করুন








