বিমানবন্দরে গ্রেপ্তার অভিনেতা হায়দার কবির মিথুন
হলিস্টিক হোম বিল্ডার্স লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও টেলিভিশন অভিনেতা হায়দার কবির মিথুনকে (৫৪) গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। শনিবার (৯ মে) মধ্যরাতে বিদেশ থেকে দেশে ফেরার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়।
রোববার (১০ মে) সিআইডির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উত্তরা পূর্ব থানায় প্রতারণা ও আত্মসাতের মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। মিথুন রাজধানীর দক্ষিণখানের উত্তর ফায়দাবাদ এলাকার বাসিন্দা এবং হলিস্টিক হোম বিল্ডার্স লিমিটেডের ডিএমডি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটি উত্তরখান এলাকায় ১০ কাঠা জমির ওপর জি+ নয়তলা ভবন নির্মাণের কথা বলে ৩৬টি শেয়ার বিক্রির প্রচারণা চালায়। প্রতিটি শেয়ারের মূল্য ১৫ লাখ টাকা নির্ধারণ করা হয়। মামলার বাদীসহ বিভিন্ন গ্রাহক প্রতিষ্ঠানটির উত্তরা সেক্টর-৪-এর অফিসে গিয়ে অর্থ বিনিয়োগ করেন। বাদী ২০২৩ সালের এপ্রিল থেকে বিভিন্ন সময়ে মোট ১২ লাখ ৮০ হাজার টাকা জমা দেন। তার এক বন্ধু ৯ লাখ টাকা বিনিয়োগ করেন।
এজাহারে বলা হয়, অর্থ গ্রহণের পর কোম্পানি গ্রাহকদের মানি রিসিপ্ট ও চেক দিলেও প্রতিশ্রুত জমি রেজিস্ট্রি করে দেয়নি। পরে গ্রাহকেরা জানতে পারেন, রাজধানীর বিভিন্ন এলাকায় ভাড়া নেওয়া থ্রি-স্টার হোটেল ও বিভিন্ন মৌজার জমির শেয়ার বিক্রির নামে প্রায় ৪৭০ জন গ্রাহকের কাছ থেকে আনুমানিক ১২০ কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। গ্রাহকেরা টাকা ফেরত চাইলে অভিযুক্ত ব্যক্তিরা ভয়ভীতি ও হুমকি দিয়ে অফিস থেকে বের করে দেন। একপর্যায়ে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. শিশির আহমেদ আত্মগোপনে যান এবং নতুন পরিচালনা পর্ষদ গঠন করা হয়। নতুন বোর্ডের পক্ষ থেকে জানানো হয়, ২০২২ সালের জুন থেকে ২০২৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত হওয়া আর্থিক লেনদেনের দায় তারা নেবে না।
আরও পড়ুনসিআইডি জানায়, তদন্তে হায়দার কবির মিথুনের বিরুদ্ধে প্রতারণামূলক কর্মকাণ্ডে সরাসরি জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। মামলার পর তিনি আত্মগোপনে যান এবং তার ব্যবহৃত মোবাইল ফোন নম্বর বন্ধ রেখে বিদেশে চলে যান। পরে দেশে ফেরার সময় ইমিগ্রেশন পুলিশের সহায়তায় তাকে গ্রেফতার করা হয়েছে। তদন্তে তার বিরুদ্ধে আরও একাধিক প্রতারণার মামলার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে যাত্রাবাড়ী থানার একটি মামলা এবং উত্তরা পূর্ব ও পশ্চিম থানার কয়েকটি সিআর মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
সিআইডি জানায়, গ্রেফতার হায়দার কবির মিথুনকে রিমান্ড আবেদনসহ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। প্রতারক চক্রের অন্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক








