জাহাজ উদ্ধারে ‘প্রজেক্ট ফ্রিডম’ বন্ধের ঘোষণা ট্রাম্পের
আন্তর্জাতিক ডেস্ক : হরমুজ প্রণালিতে আটকে পড়া জাহাজগুলোকে নিরাপদে বের করে আনতে যুক্তরাষ্ট্র যে ‘প্রজেক্ট ফ্রিডম’ অভিযান শুরু করেছিল, সেটি আপাতত স্থগিত করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সঙ্গে সমঝোতার পথে ‘গুরুত্বপূর্ণ অগ্রগতি’ হয়েছে দাবি করে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। তবে ইরানি বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের অবরোধ বহাল থাকবে বলেও জানিয়েছেন তিনি। এদিকে তেহরান এই সিদ্ধান্তকে নিজেদের কূটনৈতিক সাফল্য হিসেবে দেখছে।
সংবাদমাধ্যম বিবিসি বলছে, হরমুজ প্রণালিতে আটকে পড়া জাহাজগুলোকে নিরাপদে বের করে আনতে শুরু করা যুক্তরাষ্ট্রের অভিযান শুরু হওয়ার একদিনের মাথায় সাময়িকভাবে স্থগিত করা হচ্ছে বলে মঙ্গলবার রাতে ঘোষণা দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, কয়েকদিন আগে শুরু হওয়া ‘প্রজেক্ট ফ্রিডম’ ‘স্বল্প সময়ের জন্য’ বন্ধ রাখা হবে। কারণ, ইরানের সঙ্গে সমঝোতার পথে ‘বড় ধরনের অগ্রগতি’ হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এই সিদ্ধান্তকে নিজেদের বিজয় হিসেবে তুলে ধরে বলেছে, গুরুত্বপূর্ণ এই নৌপথ আবার চালু করতে ব্যর্থ হওয়ায় ট্রাম্প ‘পিছু হটতে বাধ্য হয়েছেন’। ট্রাম্পের এই ঘোষণার কয়েক ঘণ্টা আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছিলেন, ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ সামরিক অভিযান ‘অপারেশন এপিক ফিউরি’ তার লক্ষ্য পূরণ করায় শেষ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে ট্রাম্প বলেন, পাকিস্তানের অনুরোধে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে পাকিস্তান। তবে তিনি স্পষ্ট করে বলেন, ইরানের বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের অবরোধ বহাল থাকবে।
আরও পড়ুনট্রাম্পের এই সিদ্ধান্ত অনেকের জন্যই বিস্ময়কর হতে পারে। কারণ এর আগের দিনজুড়ে মার্কো রুবিও, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং জয়েন্ট চিফস চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন বলেছিলেন, এই অভিযান হরমুজ প্রণালি ও পারস্য উপসাগরে নৌযান চলাচল ও বাণিজ্যের স্বাধীনতা নিশ্চিত করবে। মঙ্গলবার সাংবাদিকদের রুবিও বলেন, ‘আমরা শান্তির পথকেই অগ্রাধিকার দিতে চাই। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও একটি সমঝোতাই চান।’
মন্তব্য করুন

আন্তর্জাতিক ডেস্ক







