ভিডিও বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২৯ এপ্রিল, ২০২৬, ০৭:৫৮ বিকাল

নেত্রকোণায় বন্যার শঙ্কা, হাওরে ডুবছে ১০ হাজার হেক্টর জমির ধান

নেত্রকোণায় বন্যার শঙ্কা, হাওরে ডুবছে ১০ হাজার হেক্টর জমির ধান

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর টানা বৃষ্টিতে নেত্রকোণার নদ-নদীর পানি হঠাৎ করেই ফুলে উঠছে। এর সরাসরি প্রভাব পড়েছে জেলার হাওরাঞ্চলে। সোনালি হয়ে ওঠা বোরো ধান এখন কৃষকের চোখে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। পানি বাড়ার এই ধারা অব্যাহত থাকলে অকাল বন্যায় বড় ধরনের ফসলহানির আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
 
আজ বুধবার (২৯ এপ্রিল) বিকেলে পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় সূত্র জানায়, পাহাড়ি ঢলের চাপে কংশ ও ভোগাই নদীর পানি জারিয়া–জাঞ্জাইল এলাকায় বিপৎসীমার ৯৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
 
এছাড়াও, কলমাকান্দার উব্দাখালী নদীর পানি বিপৎসীমার ৬০ সেন্টিমিটার ওপরে রয়েছে। গত ২৪ ঘণ্টায় এসব এলাকায় ৬৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এখনও পর্যন্ত পানি জনবসতিতে না ঢুকলেও তীরবর্তী নিম্নাঞ্চলের বিস্তীর্ণ ফসলি জমি পানিতে ডুবে গেছে। পানি বাড়তে থাকলে তা দ্রুত বন্যায় রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
 
খালিয়াজুড়ির ধনু নদীর পানি এখনো বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে থাকলেও সুরেশ্বরী, মগড়া ও ধলাসহ জেলার অন্যান্য বড় নদীগুলো বিপৎসীমার কাছাকাছি অবস্থান করছে, যা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে। শঙ্কায় পড়েছে বোরো মৌসুমের প্রায় ১০ হাজার হেক্টর ফসলে জমি।
 
কৃষি বিভাগের প্রাথমিক হিসাবে, জেলায় ইতোমধ্যে ৯ হাজার ৫৬৫ হেক্টর জমির ফসল পানিতে তলিয়ে গেছে। বিশেষ করে কলমাকান্দা উপজেলায় টানা তিন দিনের ভারী বৃষ্টিতে উব্দাখালী, ভুগাই ও মহাদেও নদীর পানি বেড়ে হাওর-বিলে ঢুকে পড়েছে। আটপাড়ার মশাহাতী, সুমাইখালী এবং পূর্বধলার জারিয়া এলাকার পাকলা হাওরসহ বিভিন্ন স্থানে হাঁটুপানি জমে গেছে। এতে অনেক কৃষক বাধ্য হয়ে আধাপাকা ধান কেটে ফেলছেন, যেন অন্তত কিছুটা ফসল রক্ষা করা যায়।
আটপাড়া উপজেলার সুমাইখালীর কৃষক রফিক মিয়া বলেন, ‘টানা বৃষ্টিতে জমি তলিয়ে গেছে। আধাপাকা ধান কাটতে হচ্ছে। শ্রমিকও পাওয়া যাচ্ছে না, আর পেলেও মজুরি অনেক বেশি। অনেকেই ঋণ নিয়ে চাষ করেছি, এখন সেই ঋণ শোধ করাই কঠিন হয়ে পড়বে।
 
জেলার খালিয়াজুড়ি, মোহনগঞ্জ, মদন ও কলমাকান্দা এই ৪টি উপজেলা হাওর অধ্যুষিত। এসব এলাকার মানুষের প্রধান জীবিকা বোরো ধান। চলতি মৌসুমে জেলায় ১ লাখ ৮৫ হাজার ৫৪৭ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে, যার মধ্যে প্রায় ৪১ হাজার হেক্টর হাওরাঞ্চলে। মঙ্গলবার পর্যন্ত হাওরে ৬৫ দশমিক ৩৯ শতাংশ ধান কাটা হলেও জেলাজুড়ে তা মাত্র ২১ শতাংশে পৌঁছেছে।
 
খালিয়াজুড়ির জগন্নাথপুর গ্রামের কৃষক তারা মিয়া বলেন, ধনু নদীর পানি বাড়ছেই। নিচু জমি আর বাঁধের পাশের জমিতে ইতোমধ্যে পানি জমে গেছে। এখনও প্রায় অর্ধেক ধান মাঠে, তাই দুশ্চিন্তা বাড়ছে।
 
মাঠপর্যায়ে দেখা গেছে, অধিকাংশ খেতে ধান পেকে গেলেও জমিতে পানি জমে থাকায় কাটতে সমস্যা হচ্ছে। অনেক জায়গায় কম্বাইন হারভেস্টার নামানো যাচ্ছে না। এর সঙ্গে শ্রমিকসংকট যুক্ত হয়ে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। বাড়তি মজুরি দিয়েও শ্রমিক পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন কৃষকেরা।
খালিয়াজুড়ির বিভিন্ন হাওরে বাঁধসংলগ্ন এলাকায় পানি পৌঁছে যাওয়ায় কৃষকদের উৎকণ্ঠা আরও বেড়েছে। অন্যদিকে সাম্প্রতিক বজ্রপাতের ঘটনাগুলো কৃষিকাজে নতুন করে ঝুঁকি তৈরি করেছে। প্রাণহানির ঘটনায় অনেক কৃষক মাঠে যেতে ভয় পাচ্ছেন, ফলে ধান কাটার গতি ধীর হয়ে পড়েছে।
 
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আমিরুল ইসলাম জানান, জেলায় ১ লাখ ৮৫ হাজার ৫৪৭ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৮ লাখ ৮১ হাজার ১৫৫ মেট্রিক টন। এর মধ্যে হাওরাঞ্চলে ৪১ হাজার ৬৫ হেক্টর জমিতে ২ লাখ ৯২ হাজার ৫৯০ মেট্রিক টন উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
 
জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সাখাওয়াত হোসেন বলেন, কংশ, ভোগাই ও উব্দাখালী নদীর পানি ইতোমধ্যে বিপৎসীমা অতিক্রম করেছে। ধনু নদীর পানি এখনও নিচে থাকলেও তা বাড়তে পারে। পরিস্থিতি বন্যার দিকে যেতে পারে, তবে ফসলরক্ষা বাঁধগুলো এখনো স্বাভাবিক রয়েছে এবং ঝুঁকিপূর্ণ এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে।
 
জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান বলেন, বর্তমানে পরিস্থিতি সহনীয় আছে, তবে পানি বাড়তে থাকলে ঝুঁকি তৈরি হবে। কৃষকেরা যাতে দ্রুত ধান কাটতে পারেন, সে জন্য সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে। উপজেলা প্রশাসন মাঠে সক্রিয় রয়েছে এবং প্রয়োজনীয় প্রস্তুতি নেয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেত্রকোণায় বন্যার শঙ্কা, হাওরে ডুবছে ১০ হাজার হেক্টর জমির ধান

এনআইডি আবেদনে ‘সনদ’ বাধ্যতামূলক করল ইসি

ইসরায়েলের কারণে মধ্যপ্রাচ্য পরমাণু অস্ত্র মুক্ত রাখা যাচ্ছে না: সৌদি

মাদারগঞ্জে ইউএনওর স্বাক্ষর জাল করে ফুয়েল কার্ড, দুজনের দণ্ড

বিশ্বকাপে ‘মুখ ঢেকে’ কথা বললে লাল কার্ড

নগদে ম্যানেজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি, কর্মস্থল ঢাকা