ভিডিও বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২৯ এপ্রিল, ২০২৬, ১০:৪২ দুপুর

বাংলাদেশের লক্ষ্য সিরিজ জয়, রয়েছে বৃষ্টি চিন্তা 

বাংলাদেশের লক্ষ্য সিরিজ জয়, রয়েছে বৃষ্টি চিন্তা, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক: সকাল থেকে তুমুল বৃষ্টিতে পুরো বন্দরনগরী পানিতে থই থই। পুরো নগরবাসীর মতো বাংলাদেশ ও নিউজিল্যান্ড দল গতকাল আটকে ছিল হোটেলে। অবশ্য বৃষ্টিতে আটকে না থাকলেও গতকাল লিটন দাস-সাইফ হাসানদের অনুশীলন ছিল না, বিশ্রামেই কাটতো। বৃষ্টি হওয়ায় সেই কাজটা আরো সহজ হয়েছে। অন্যদিকে নিউজিল্যান্ড দলের ঐচ্ছিক অনুশীলন থাকলেও সেটা শেষ পর্যন্ত হয়েছে বাতিল। এমন বৃষ্টিস্নাত দিনে হোটেলবন্দি থাকা দুই দলকে আজকেও আটকা পড়তে হতে পারে। অন্তত এমনটাই আভাস পাওয়া যাচ্ছে আবহাওয়ার পূর্বাভাসে। তবে পূর্বাভাস যেমনই হোক, চট্টগ্রাম সিরিজ জয় নিশ্চিত করে ঢাকায় ফিরতে চায় বাংলাদেশ।

অন্যদিকে নিউজিল্যান্ডের চাওয়া আজ ম্যাচ জিতে সিরিজে ফেরা। আজ দুপুর দুইটায় চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে শুরু হবে ম্যাচ।

সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টি ক্রিকেটের সঙ্গে দারুণভাবে মানিয়ে নিয়েছে বাংলাদেশ। অন্তত ১৩০-১৪০ রানে আটকে থাকে না লাল-সবুজের প্রতিনিধিরা। গত পরশু প্রথম টি-টোয়েন্টিতে খেলার ধরন পরিবর্তনের সেই রেশটা স্পষ্ট টের পাওয়া গেছে। যদিও দুই ওপেনার তানজিদ তামিম ও সাইফ হাসান ভালো শুরু এনে দিতে পারেনি। তবু তাড়া করেছে ১৮৩ রান।

গত ম্যাচে রান করার ওই আত্মবিশ্বাসটা আজ দারুণভাবে কাজে লাগাতে মরিয়া হয়ে আছে বাংলাদেশ। তাই তো বন্ধের দিনে জিম আর সুইমিং করেই কাটিয়েছে পুরো দল। ছুটির মেজাজে থাকলে আত্মবিশ্বাস বাড়বে এমনটাই হয়তো ভেবেছে পুরো দল। সে কারণে চেষ্টা করেছে পুরো নির্ভার একটি দিন পার করতে।

অন্যদিকে নিউজিল্যান্ডের চাওয়া ছিল, আজকের দিনে নিজেদের ভুলত্রুটিগুলো মাঠের অনুশীলনে সারিয়ে নিতে। তবে বেরসিক আবহাওয়া তা হতে দেয়নি। ফলে হোটেলবন্দি থেকেই দিন পার করতে হয়েছে তাদের। হোটেলে সফরকারীরাও শুধু জিম আর সুইমিং করেই পার করেছে পুরো দিন। চেষ্টা করেছে নিজেদের মানসিকভাবে চাঙা রাখতে, যাতে আজ ম্যাচ জিতে ফিরতে পারে সিরিজে।

আরও পড়ুন

তবে দুই দলের অভিন্ন লক্ষ্যে বাধা হয়ে আসতে পারে বৃষ্টি। আবহাওয়ার পূর্বাভাস বলছে, আজও সারাদিন বৃষ্টি থাকতে পারে। শেষ পর্যন্ত সেই শঙ্কা সত্যি হলে কোনো বল মাঠে গড়ানোর আগেই পরিত্যক্ত হতে পারে ম্যাচ। তবে বৃষ্টি থামলে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ম্যাচ শুরু হতে দেরি হবে না। দারুণ ড্রেনেজ ব্যবস্থার এই মাঠ খেলার জন্য প্রস্তুত করতে মাঠকর্মীদের লাগবে ৩০ মিনিটের মতো সময়।

চিরাচরিতভাবে চট্টগ্রামের এই উইকেটের পরিচিতি ব্যাটিং স্বর্গ হিসেবে, যার প্রমাণ মিলেছে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে। গতকাল সারাদিন বৃষ্টি হওয়ায় রান তাড়া করা কঠিন হয়ে পড়বে এই মাঠে। অতিরিক্ত বৃষ্টির কারণে খানিকটা ভারী হয়ে থাকবে আউটফিল্ড। ফলে রানিং বিটুইন দ্য উইকেটে রান নেওয়া কঠিন হয়ে পড়বে ব্যাটারদের জন্য। সেই চিন্তাটা মাথায় রেখেই খেলবে এই দুই দল।

তবে এই ম্যাচের আগে বাংলাদেশ একাদশে পরিবর্তনের সুযোগ খুবই কম। অন্যদিকে এখনো সুস্থ হয়ে না ওঠায় কিউই অধিনায়ক টম লাথামের একাদশে ফেরাটাও অনিশ্চিত। তার জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবে নিউজিল্যান্ড।

আজ নিউজিল্যান্ডের বিপক্ষে জিতলে দলটির বিপক্ষে এ নিয়ে দ্বিতীয়বার সিরিজ জয়ের স্বাদ পাবে বাংলাদেশ। এর আগে ২০২১ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে ৩-০ ব্যবধানে সিরিজ জিতেছিল বাংলাদেশ। শেষ পর্যন্ত ওই ইতিহাসের পুনরাবৃত্তি করতে পারে কি না সেটাই এখন দেখার অপেক্ষা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের লক্ষ্য সিরিজ জয়, রয়েছে বৃষ্টি চিন্তা 

এক দিনের ব্যবধানে আরও কমলো স্বর্ণের দাম

রাজবাড়ীতে বজ্রাঘাতে প্রাণ গেল বাবার, কোল থেকে ছিটকে পড়ে রক্ষা পেলো শিশু কন্যা 

বগুড়াসহ যেসব অঞ্চলে দুপুরের মধ্যে হতে পারে ঝড় ও বজ্রবৃষ্টি

কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৩, আহত ১১

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান