বগুড়ার সারিয়াকান্দিতে ঝড়ে পড়া গাছ কাটতে গিয়ে শ্রমিকের মৃত্যু
সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সারিয়াকান্দিতে ঝড়ে পড়া গাছ সরাতে গিয়ে দিলবর সরদার (৫৫) নামের একজন নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। দিলবর উপজেলার পৌর এলাকার নিজ বাটিয়া গ্রামের মৃত জালাল সরদারের ছেলে। আজ সোমবার (২৭ এপ্রিল) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহত পরিবারকে প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদান করেছে সারিয়াকান্দি উপজেলা প্রশাসন।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত রোববার রাত ২টার দিকে উপজেলায় মাঝারি আকারের ঝড়-বৃষ্টি হয়। ঝড়ে দিলবর সরদারের একটি ইউক্যালিপ্টাস গাছ তার প্রতিবেশীর ঘরের ওপর পড়ে যায়। সকাল ৮টার দিকে দিলবর গাছটি সরানোর চেষ্টা করেন। গাছটি কাটতে গিয়ে তিনি মাটিতে পড়ে যান এবং ডালও তার ওপরে পড়ে। এসময় তিনি মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার মিজ সুমাইয়া ফেরদৌস বলেন, ইতিমধ্যেই আমি নিহতের পরিবার ও ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহতের পরিবারকে আপাতত ১৫ হাজার টাকা এবং শুকনো খাবার সহায়তা প্রদান করা হয়েছে।
আরও পড়ুন
মন্তব্য করুন








