সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মসজিদ কমিটি নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মসজিদ কমিটি গঠন নিয়ে বিদ্যামান দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, ধাওয়া ও পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। আজ শুক্রবার (২৪ এপ্রিল) উল্লাপাড়া পৌরসভার ১নং ওয়ার্ডে বারইয়া জামে মসজিদের কমিটি গঠনকে কেন্দ্র করে জুমার নামাজের সময় দু’পক্ষের এ ঘটনা ঘটে। এ সময় মুসল্লিরা তাদের নিরাপত্তার জন্য মসজিদের মূল দরজা বন্ধ করে জুমার নামাজ আদায় করেন। পরে উল্লাপাড়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ গ্রামের বাসিন্দা বাংলাদেশ জামায়াতে ইসলামীর উল্লাপাড়া পৌরসভার ১নং ওয়ার্ড যুব বিভাগের সভাপতি মিজানুর রহমান অভিযোগ করেন, বারইয়া গ্রামের বাসিন্দা ও সাবেক পৌর কাউন্সিলর গোলাম আউলিয়া দীর্ঘদিন তার মনোনীত লোকজন দিয়ে মসজিদ কমিটি গঠন করে মসজিদটি পরিচালনা করে আসছিলেন। কিন্তু অনেক দিন গ্রামের বেশিরভাগ মানুষ উক্ত কাউন্সিলরের কথিত কমিটির প্রতি অনাস্থা আনেন।
এনিয়ে অনেক দিন গোলযোগ চলে আসছিল। আজ শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে গ্রামের লোকজন জুমার নামাজ পড়তে এলে আউলিয়ার লোকজনের সাথে ঝগড়া ও হাতাহাতি হয়। পরে আউলিয়া তার লোকজন নিয়ে মসজিদ থেকে বের হয়ে যান। এরপর তিনি ও তার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে মসজিদ অঙ্গনে প্রতিপক্ষের উপর হামলা চালায়। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
আরও পড়ুনএ সময় গ্রামের মহিলারা উভয় পক্ষকে সংঘর্ষে এড়িয়ে চলতে বাধা প্রদান করেন। পরে মসজিদের ভেতরে থাকা মুসল্লিরা মূল গেট লাগিয়ে দেন। খবর পেয়ে উল্লাপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এ ব্যাপারে প্রতিপক্ষ সাবেক পৌর কাউন্সিলর গোলাম আউলিয়ার সাথে বার বার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) রূপু কর জানান, খবর পেয়ে তিনি পুলিশ বাহিনী নিয়ে উক্ত মসজিদ চত্বরে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। বর্তমানে ওই গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।
মন্তব্য করুন







_medium_1777022388.jpg)

