হাতে ব্যান্ডেজ নিয়ে ঢাকা ফিরলেন নাহিদ রানা
নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে বল হাতে গতির ঝড় তুলেন নাহিদ রানা। বাংলাদেশের সিরিজ জয়ে অবদান রেখে পেয়েছেন সিরিজ সেরার পুরস্কার। তবে সিরিজের শেষ ম্যাচে ফিল্ডিংয়ের সময় পাওয়া এক অনাকাঙ্ক্ষিত চোট কিছুটা চিন্তায় ফেলেছিল সমর্থকদের। অবশেষে সেই চোট নিয়ে মিলেছে স্বস্তির খবর।
বৃহস্পতিবার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ফিল্ডিং করার সময় সীমানার বিজ্ঞাপনী বোর্ডের একটি পেরেকে লেগে ডান হাত ছিলে যায় নাহিদ রানার। তাৎক্ষণিকভাবে হাতে ব্যান্ডেজ করা হলেও আশার কথা হলো, কোনো সেলাইয়ের প্রয়োজন পড়েনি।
২৩ বছর বয়সী নাহিদের চোটের সবশেষ অবস্থা নিয়ে বিসিবির মেডিকেল বিভাগের প্রধান ডা. দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, চোট গুরুতর নয়। আগামী দু-এক দিনের মধ্যেই এই গতিতারকা আবার বোলিং শুরু করতে পারবেন বলে আশা করা হচ্ছে। যা সমর্থকদের মতো নাহিদ রানার জন্যও বেশ স্বস্তির খবরই বটে।
ঘরের মাঠে পুরো সিরিজে নিউজিল্যান্ডের ব্যাটারদের জন্য আতঙ্ক হয়ে ছিলেন নাহিদ রানা। তার এক্সপ্রেস গতি ও আগ্রাসী বোলিংয়ের সামনে কিউই ব্যাটাররা রীতিমতো খাবি খেয়েছেন, যার ফলশ্রুতিতে তিন ম্যাচে ৮ উইকেট শিকার করে তিনি সিরিজের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন।
আরও পড়ুনওয়ানডে সিরিজ শেষ করে নাহিদ রানা আজই ঢাকায় ফিরে এসেছেন। আগামী রোববার থেকে শুরু হতে যাওয়া নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডে তাকে রাখা হয়নি। এছাড়া তাকে পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি লিগ পিএসএলে খেলার জন্য অনাপত্তিপত্র বা এনওসি দেয়নি বিসিবি।
বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে, নাহিদ রানাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না বোর্ড। আপাতত তাকে পাকিস্তানের বিপক্ষে আসন্ন দুই টেস্টের সিরিজের জন্য প্রস্তুত রাখা হচ্ছে। টেস্ট চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ লড়াইয়ের আগে নাহিদকে পূর্ণ বিশ্রামে রেখে লাল বলের প্রস্তুতির ওপর জোর দিচ্ছে বিসিবি।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক








