চুক্তি না হলে ইরানে ফের বোমা ফেলতে হবে : ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক : আগামী বুধবারের মধ্যে যুক্তরাষ্ট্র ও ইরান কোনও চুক্তিতে পৌঁছাতে না পারলে যুদ্ধবিরতির মেয়াদ আর না-ও বাড়তে পারে বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত ৮ এপ্রিল কার্যকর হওয়া দুই সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ আর না বাড়লে মধ্যপ্রাচ্যে ফের সংঘাত ছড়িয়ে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আলোচনা ব্যর্থ হলে যুদ্ধবিরতির মেয়াদ বাড়াবেন নাকি আবার হামলা শুরু করবেন, এ বিষয়ে তিনি এখনও সিদ্ধান্ত নেননি। ট্রাম্পের ভাষায়, ‘হয়তো আমি এর মেয়াদ বাড়াব না। তখন (হরমুজ প্রণালিতে) অবরোধ জারি থাকবে এবং দুর্ভাগ্যজনকভাবে আমাদের আবার বোমা হামলা শুরু করতে হতে পারে।’
এদিকে আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট ইরানি সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদল এ সপ্তাহান্তে পাকিস্তানে পৌঁছাতে পারে। দুই দেশের মধ্যে আগামী সোমবার ফের আলোচনা অনুষ্ঠিত হতে পারে। তবে এ বৈঠকের বিষয়টি কোনও পক্ষই এখনও নিশ্চিত করেনি। এর আগে শুক্রবার ট্রাম্প বলেন, দুই পক্ষই একটি সমঝোতার খুব কাছাকাছি পৌঁছে গেছে বলে তিনি মনে করেন।
আরও পড়ুনএদিকে লেবাননে যুদ্ধবিরতি কার্যকরের পর বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালি খুলে দিয়েছে ইরান। প্রণালি উন্মুক্ত করায় ইরানকে ধন্যবাদ জানালেও দেশটির বন্দর ও জাহাজের বিরুদ্ধে নৌ-অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ট্রাম্প। দুই দেশের মধ্যে কোনও চুক্তি সম্পন্ন হলেই কেবল সেই অবরোধ প্রত্যাহার করা হবে বলে জানান তিনি। সূত্র : সিএনএন
মন্তব্য করুন

আন্তর্জাতিক ডেস্ক








