প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে অপসারণের আহ্বান এনএএসিপি’র
আন্তর্জাতিক ডেস্ক : ইরান যুদ্ধ ও ট্রাম্পের সাম্প্রতিক অবস্থানকে ঘিরে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। প্রভাবশালী নাগরিক অধিকার সংগঠন এনএএসিপি প্রথমবারের মতো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ক্ষমতা থেকে অপসারণের দাবি তুলেছে। একই সঙ্গে ডেমোক্র্যাট নেতারাও ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করতে অভিশংসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছেন। যদিও যুদ্ধবিরতির ঘোষণাকে স্বাগত জানিয়েছেন কেউ কেউ।
সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, ১৯০৯ সালে প্রতিষ্ঠিত প্রভাবশালী কৃষ্ণাঙ্গ নাগরিক অধিকার সংগঠন ন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর দ্য অ্যাডভান্সমেন্ট অব কালার্ড পিপল (এনএএসিপি) প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে অপসারণের আহ্বান জানিয়েছে। তারা বলেছে, মার্কিন সংবিধানের ২৫তম সংশোধনী অনুযায়ী ডোনাল্ড ট্রাম্পকে ক্ষমতা থেকে সরানো উচিত।
সংগঠনটির সভাপতি ডেরিক জনসন এক বিবৃতিতে বলেন, ‘এই প্রেসিডেন্ট দায়িত্ব পালনের অযোগ্য, অসুস্থ এবং ভারসাম্যহীন’। তিনি আরও বলেন, ট্রাম্পের বক্তব্য ও আচরণ ‘শুধু উদ্বেগজনকই নয়, বিপজ্জনকও।’ জনসন বলেন, ‘যখন দেশের সর্বোচ্চ পদে থাকা ব্যক্তি সত্য, স্থিতিশীলতা এবং আমেরিকান জনগণের কল্যাণকে উপেক্ষা করেন, তখন তা পুরো দেশ ও বিশ্বের জন্য সেটি হুমকি হয়ে দাঁড়ায়। ট্রাম্পকে অবিলম্বে ক্ষমতা থেকে সরাতে হবে।’
আরও পড়ুনঅন্যদিকে ট্রাম্পকে অভিশংসনের দাবি আবারও জানিয়েছেন যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্য আলেক্সান্দ্রিয়া ওকাসিও-কোর্তেজ। তিনি বলেন, অস্থায়ী যুদ্ধবিরতির ঘোষণা ‘কিছুই বদলায় না’। ডেমোক্র্যাট এই আইনপ্রণেতা এক্সে দেয়া পোস্টে বলেন, ‘প্রেসিডেন্ট ইরানি জনগণের বিরুদ্ধে গণহত্যার হুমকি দিয়েছেন এবং এখনও সেই হুমকিকে ব্যবহার করছেন।’ তিনি আরও বলেন, ‘আমরা আর বিশ্ব বা আমাদের দেশের কল্যাণকে ঝুঁকির মুখে ফেলতে পারি না’। ওকাসিও-কোর্তেজ বলেন, ‘মন্ত্রিসভা বা কংগ্রেস-যেভাবেই হোক, প্রেসিডেন্টকে ক্ষমতা থেকে সরাতে হবে। আমরা বিপজ্জনক সীমারেখার দিকে এগোচ্ছি।’
এর আগে ইরানকে ঘিরে ট্রাম্পের হুমকির কারণে ডজনখানেক ডেমোক্র্যাট আইনপ্রণেতা তাকে অপসারণের আহ্বান জানিয়েছিলেন। যুদ্ধবিরতির ঘোষণার পরও তাদের অবস্থান অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছেন কয়েকজন।
এদিকে মার্কিন সিনেটের সংখ্যালঘু নেতা চাক শুমার ইরানে যুদ্ধবিরতি ঘোষণাকে স্বাগত জানিয়েছেন। তবে একইসঙ্গে ট্রাম্পকে কটাক্ষ করতেও ছাড় দেননি তিনি। এক্সে তিনি লিখেছেন, ‘ট্রাম্প পিছু হটেছেন, এতে আমি খুশি। তিনি তার অযৌক্তিক দম্ভ থেকে বের হওয়ার পথ খুঁজছেন।’
মন্তব্য করুন

আন্তর্জাতিক ডেস্ক






_medium_1775642210.jpg)

