অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার ডেভিড ওয়ার্নার গ্রেপ্তার
অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার ডেভিড ওয়ার্নারকে নিয়ে ক্রিকেট বিশ্বে তোলপাড় শুরু হয়েছে। মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে সিডনিতে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন এই তারকা ওপেনার। এই ঘটনার ফলে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) তার খেলা নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে।
অস্ট্রেলীয় সংবাদমাধ্যম ‘দ্য সানডে গার্ডিয়ান লাইভ’-এর তথ্য অনুযায়ী, গত ৫ এপ্রিল সিডনির মারৌব্রা এলাকায় পুলিশের একটি রুটিন চেকপোস্টে ধরা পড়েন ওয়ার্নার। সেখানে চালকদের শ্বাস পরীক্ষা (ব্রেথ টেস্ট) করছিল পুলিশ। ওয়ার্নার পুলিশকে ফাঁকি দেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হন। প্রাথমিক পরীক্ষায় মদপানের প্রমাণ মেলায় তাকে মারৌব্রা থানায় নিয়ে যাওয়া হয়।
থানায় দ্বিতীয়বার পরীক্ষায় দেখা যায়, নিউ সাউথ ওয়েলস রাজ্যের নির্ধারিত আইনি সীমার চেয়েও দ্বিগুণ বেশি অ্যালকোহল ছিল ওয়ার্নারের রক্তে। এর ফলে তার বিরুদ্ধে ‘মিড-রেঞ্জ ড্রিঙ্ক ড্রাইভিং’-এর অভিযোগ আনা হয়েছে। আগামী ৭ মে তাকে সিডনির ডাউনিং সেন্টার লোকাল কোর্টে হাজির হতে হবে।
বর্তমানে পিএসএলে করাচি কিংসের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন ওয়ার্নার। টুর্নামেন্টের মাঝে ছোট বিরতি পেয়ে তিনি সিডনিতে নিজের বাড়িতে গিয়েছিলেন। কিন্তু সেখানেই এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় জড়িয়ে পড়লেন তিনি।
আরও পড়ুনআগামী ৯ এপ্রিল পেশোয়ার জালমির বিপক্ষে করাচি কিংসের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ম্যাচ রয়েছে। সেই ম্যাচের আগে অধিনায়ক ওয়ার্নার পাকিস্তানে পৌঁছাতে পারবেন কি না, তা নিয়ে গভীর দুশ্চিন্তায় পড়েছে ফ্র্যাঞ্চাইজিটি। যদিও বর্তমানে তিনি জামিনে রয়েছেন এবং আইনি বাধা না থাকলে পাকিস্তানে ফিরতে পারেন, তবে মানসিকভাবে তিনি কতটা প্রস্তুত থাকবেন তা নিয়ে প্রশ্ন উঠেছে।
মাঠের পারফরম্যান্সে বরাবরই উজ্জ্বল ওয়ার্নার এবার মাঠের বাইরের এই বিতর্কিত কর্মকাণ্ডে ভক্ত ও সমর্থকদের হতাশ করেছেন। এখন দেখার বিষয়, আইনি এই জটিলতা কাটিয়ে তিনি কত দ্রুত মাঠে ফিরতে পারেন।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক








