ভিডিও রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৫ এপ্রিল, ২০২৬, ০৯:৫৯ রাত

পাবনার ভাঙ্গুড়ায় বৈদ্যুতিক মিটার চুরি বিকাশে টাকা পাঠিয়ে মিলল নষ্ট মিটার

পাবনার ভাঙ্গুড়ায় বৈদ্যুতিক মিটার চুরি বিকাশে টাকা পাঠিয়ে মিলল নষ্ট মিটার

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়া পৌর সদরে ব্যবসায়ী প্রতিষ্ঠানে থ্রি ফেজের ৩টি বৈদ্যুতিক মিটার চুরির ঘটনা ঘটেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা চুরি  যাওয়া মিটার পেতে চোর চক্রের চাহিদা অনুযায়ী বিকাশে টাকা পাঠিয়ে নষ্ট মিটার পেয়েছে। গত শুক্রবার দিবাগত রাতে পৌর সদরের শরৎনগর বাজারে এ চুরির ঘটনা ঘটেছে।

আজ রোববার (৫ এপ্রিল) সকালে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা চুরি যাওয়া মিটার উদ্ধারের জন্য ভাঙ্গুড়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। পৌরসদরের জনাকীর্ণ শরৎনগর বাজারে বৈদ্যুতিক মিটার চুরির ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

অভিযোগ সূত্রে জানা যায়, গতকাল শনিবার মধ্য রাতে ভাঙ্গুড়া পৌর সদরের শরৎনগর বাজার বেইলী ব্রিজের পূর্ব পাশে মেসার্স আলহাজ্ব ট্রেডার্স ও হিমেল ট্রেডার্স থেকে তিনটি শিল্প বৈদ্যুতিক মিটার চুরি হয়। চুরি যাওয়া মিটার ফ্রেমের ভিতরে একটি করে চিরকুট রেখে যায় চোর চক্র। সেখানে লেখা ছিল চক্রের একটি বিকাশ নাম্বার (০১৮৫৭-৪৬৯৯১১)। প্রতি মিটারের জন্য ৫ হাজার টাকা দাবি করা হয়।

সরেজমিনে দেখা যায়, চুরি হওয়া মিটারের পাশেই বসানো রয়েছে সিসিটিভি ক্যামেরা। তবে চোর চক্রের সদস্যরা ক্যামেরা নষ্ট করে ফেলেছে বলে ধারণা ভুক্তভোগী দোকান মালিকদের। মেসার্স আলহাজ্ব ট্রেডার্সের মালিক ও ভুক্তভোগী শাহিনুর রহমান বলেন, গতকাল শনিবার রাতে আমার দুটি শিল্প মিটার চুরি হয়।

মিটার ফ্রেমে চোর চক্রের রেখে যাওয়া বিকাশ নাম্বারে যোগাযোগ করা হলে চক্রের এক সদস্য জানান যে, প্রতি মিটারের জন্য ৫ হাজার টাকা দিতে হবে। পরে বাধ্য হয়ে ১০ হাজার টাকা বিকাশে দিলে সারুটিয়া এলাকায় মিটারগুলো রাখা আছে বলে জানায় চোর চক্রের সদস্য।

আরও পড়ুন

আরেক ভুক্তভোগী হিমেল বলেন, গতকাল শনিবার সকালে দোকানে এসে দেখি মিটার নেই। বিষয়টি পল্লী বিদ্যুৎ অফিসকে জানালে তারা থানায় অভিযোগ করতে বলে। চোরের দেওয়া নাম্বারে ৪ হাজার টাকা পাঠানোর পর নষ্ট মিটার ফেরত পাই। নতুন মিটার এবং মিটার সংযোগের জন্য ১৭ হাজার ৬৭০ টাকা বিদ্যুৎ অফিসে জমা দিতে হয়েছে।

পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ ভাঙ্গুড়া জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার সেকেন্দার আলী বলেন, মিটার চুরির বিষয়টি জানানোর পর থানায় অভিযোগ করতে বলা হয়। পাশাপাশি গ্রাহককে এ বিষয়ে সচেতন হতে বলা হয়েছে।

এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম মোস্তাফিজুর রহমান বলেন, মিটার চুরির ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে। খুব দ্রুত এ চোর চক্রের সদস্যদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনার ভাঙ্গুড়ায় বৈদ্যুতিক মিটার চুরি বিকাশে টাকা পাঠিয়ে মিলল নষ্ট মিটার

ভারত ‘ভুয়া অভিযান’ চালালে কলকাতা পর্যন্ত হামলার হুমকি পাকিস্তানের

রংপুরে ২৪ ঘণ্টায় হামের আরও ৭ রোগী শনাক্ত 

বগুড়ার সান্তাহার পৌর এলাকায় ড্রেনের অব্যবস্থাপনার কারণে জনদুর্ভোগ

দিনাজপুরের ঘোড়াঘাটে কাগজপত্র ছাড়াই তেল সরবরাহ

আপনারাই একমাত্র জুলাইয়ের টেন্ডার নিয়েছেন, বিষয়টি এমন নয়: বিরোধী দলকে পার্থ