ভিডিও রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৫ এপ্রিল, ২০২৬, ০৬:৩০ বিকাল

নোয়াখালীতে ইয়াবাসহ ৩ মাদক পাচারকারী গ্রেপ্তার

নোয়াখালী ও লক্ষ্মীপুরের পৃথক স্থানে অভিযান চালিয়ে ৩ হাজার ৭৯৮ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক পাচারকারী চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ও র‍্যাব-১১ এর যৌথ দল।

গতকাল শনিবার (৪ এপ্রিল) বিকেলে বেগমগঞ্জ উপজেলার তপাদার বাজার এলাকার নোয়াখালী-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের বায়তুল আমান জামে মসজিদের সামনে এবং লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের মান্দারী পূর্ব বাজারে নোয়াখালী-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের উত্তর পার্শ্বে নুর হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনের রাস্তা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- লক্ষ্মীপুর সদর উপজেলার দক্ষিণ কড়ইতলা এলাকার ধোয়া বাড়ির মো. হারুন (৩৫), দিলসাতপুর এলাকার নতুন বাড়ির মো. সুমন ওরফে ইলেকট্রিক সুমন (৪৪) এবং ছিলাদি এলাকার সুলতান মুন্সিবাড়ির মো. বাবুল হোসেন (২২)।

অভিযান সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বেগমগঞ্জের তপাদার বাজার এলাকায় ক্রেতা সেজে অবস্থান নেয় ডিএনসি ও যৌথ বাহিনী। এ সময় ইয়াবা বিক্রির উদ্দেশ্যে সেখানে গেলে হারুন ও সুমনকে ৩ হাজার পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার মান্দারী পূর্ব বাজার এলাকায় অভিযান চালিয়ে আরও ৭৯৮ পিস ইয়াবাসহ বাবুল হোসেনকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন

তারা আগে গাড়িচালক হিসেবে কাজ করলেও পরে চট্টগ্রাম থেকে ইয়াবা এনে নোয়াখালী ও লক্ষ্মীপুর এলাকায় সরবরাহ করতেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। বাবুল হোসেন রিকশাচালকের ছদ্মবেশে বিভিন্ন এলাকায় খুচরা মাদক বিক্রি করতেন।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভ বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বেগমগঞ্জ মডেল থানা ও চন্দ্রগঞ্জ থানায় পৃথক মামলার প্রক্রিয়া চলছে। অভিযানে তাদের কাছ থেকে মোট ৩৭৯৮ পিস ইয়াবা, নগদ ২০ হাজার টাকা, ৪টি মোবাইল ফোন এবং একটি ব্যাটারিচালিত রিকশা জব্দ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পঞ্চগড়ে ১১ মাদকসেবীর ৬ মাসের কারাদণ্ড 

নোয়াখালীতে ইয়াবাসহ ৩ মাদক পাচারকারী গ্রেপ্তার

স্থানীয় সরকারমন্ত্রীর সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগে এনসিপি কর্মী গ্রেপ্তার

১৪ এপ্রিলের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে দেয়ার আহ্বান

অহেতুক সমালোচনা সামলাবেন যেভাবে