রংপুরে রিলাই বাণিজ্য মেলা সম্পন্ন
রংপুর জেলা প্রতিনিধি: প্রান্তিক ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের পণ্য প্রদর্শন ও বাজারজাতের সুযোগ সৃষ্টির লক্ষ্য নিয়ে রংপুর শেষ হয়েছে তিনদিনের রিলাই বাণিজ্য মেলা।
আজ শনিবার (৪ এপ্রিল) বিকেলে নগরীর পাবলিক লাইব্রেরি মাঠে মেলার সমাপনিতে প্রধান অতিথি ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মো. হাবিবুর রহমান। এসডিএফ আঞ্চলিক পরিচালক মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. সিরাজুল ইসলাম, এসডিএফ (জীবিকায়ন) ব্যবস্থাপক মো. সাইদুর রহমান। গত বৃহস্পতিবার মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান।
অর্থ-মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ কর্তৃক পরিচালিত ‘রেজিলিয়েন্স এন্টারপ্রেনিওয়শীপ অ্যান্ড লাইভলিহুড ইমপ্রুভমেন্ট প্রজেক্ট (আরইএলআই) এর আওতায় সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এই মেলার আয়োজন করে। এতে রংপুর, নীলফামারী, কুড়িগ্রাম, দিনাজপুর ও লালমনিরহাটের ৬২৫টি গ্রাম সমিতির মাধ্যমে ৯২টি উৎপাদনকারী দলের হস্তশিল্প, কৃষিপণ্য ও ক্ষুদ্র শিল্পের নানাবিধ সামগ্রী ৪০টি স্টলে প্রদর্শন ও বিক্রয় হয়।
সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) রংপুর অঞ্চল পরিচালক মো. সাইফুল ইসলাম জানান, এসডিএফ প্রকল্পের আওতায় ৬২৫টি গ্রাম সমিতির মাধ্যমে রিলাই প্রকল্পের ১ লাখ ৩ হাজার ৮৫০ জন নারী ও যুবদের বিভিন্ন আর্থিক ও কারিগরি এবং দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, কর্মসংস্থান সৃষ্টি ও দরিদ্র বিমোচনে সহায়তা করে আসছে।
আরও পড়ুনএর মধ্যে ২৪ হাজার ৫২১ সহায় সম্বলহীনকে এককালিন ৯ হাজার টাকা করে অনুদান প্রদান, ৮১ হাজার ৮৬জন নারী সাধারণ সদস্যকে বিভিন্ন আইজিএ প্রশিক্ষণ প্রদান, ৪ হাজার ৩৭৬ বেকার যুবককে প্রশিক্ষণ প্রদান, ৩ হাজার ৮৪১জনের কর্মসংস্থান সৃষ্টি করা হয়েছে।
৯২টি উৎপাদনকারী দলের ২ হাজার ৩শ’জন সদস্যকে তাদের উৎপাদিত পণ্যের গুণগত মান, উৎপাদন বৃদ্ধি, বাজার বিপণন করে সফলতা অর্জনে সহযোগিতা করা হয়েছে। মেলার লক্ষ ও উদ্দেশ্য সফল হয়েছে। প্রতিটি স্টলেই প্রতিদিন গড়ে ১ লাখ করে টাকা বিক্রি হয়েছে। রংপুর এবং ঢাকার বিভিন্ন প্রতিষ্ঠান নতুন অর্ডার দিয়েছেন। প্রান্তিক নারীরা এর মাধ্যমে স্বাবলম্বী হবে।
মন্তব্য করুন







