মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নিখোঁজ হওয়ার দুদিন পর জুনায়েদ মিয়া (১৪) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ সোমবার (৩০ মার্চ) এ ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম মুন্না বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
থানা সূত্রে জানা যায়, গতকাল রোববার (২৯ মার্চ) রাতে শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর ইউনিয়নের বাদেআলিসা গ্রামের কামারপাড়া এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত জুনায়েদ মিয়া উপজেলার আলিসারকুল গ্রামের প্রবাসী রমিজ মিয়ার ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, গত শুক্রবার সন্ধ্যার দিকে বাড়ির সামনে থেকে সে রহস্যজনকভাবে নিখোঁজ হয়। এরপর থেকে পরিবারের পক্ষ থেকে তার খোঁজে ব্যাপক চেষ্টা চালানো হলেও কোনো সন্ধান পাওয়া যায়নি।
আরও পড়ুন
নিখোঁজ হওয়ার পর প্রবাসে অবস্থানরত বাবা রমিজ মিয়া সামাজিক যোগাযোগমাধ্যম এসে দেশবাসীর কাছে তার ছেলের সন্ধান চেয়ে আকুতি জানান। বিষয়টি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়। দুদিন পর উদ্ধার হলো তার লাশ।
ছেলের লাশ উদ্ধারের খবর পেয়ে পরিবারে নেমে আসে শোকের ছায়া।স্বজনদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে। পরে নিহতের বাবা কান্নায় ভেঙে পড়েন এবং কয়েকজনের নাম উল্লেখ করে এ হত্যাকাণ্ডের সঙ্গে তাদের সম্পৃক্ততার অভিযোগ তোলেন। তিনি অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্যসহ প্রশাসনের ঊর্ধ্বতন মহলের হস্তক্ষেপ কামনা করেন।