প্রথমবারের মতো পিএসএলে শরিফুল
স্পোর্টস ডেস্ক : আসন্ন পাকিস্তান সুপার লিগের (পিএসএল) একাদশ আসরের জন্য বাংলাদেশি বাঁহাতি পেসার শরিফুল ইসলামকে সরাসরি দলে নিয়েছে সাবেক চ্যাম্পিয়ন পেশোয়ার জালমি।
সোমবার (১৬ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে পেশোয়ার জালমি। পোস্টে শরিফুল ইসলামকে দলের জার্সি পরিয়ে বেঙ্গল টাইগারের পাশে অলংকৃত সিংহাসনে বসে থাকা একটি অ্যানিমেটেড পোস্টার প্রকাশ করা হয়। পোস্টের ক্যাপশনে জালমি লিখেছে, ‘তোমার আগমনে ইয়েলো স্টর্ম আরও শক্তিশালী হলো। বাংলাদেশের এক্সপ্রেস বাঁহাতি পেসার শরিফুল ইসলাম হলুদ ঝড় তুলতে প্রস্তুত।’
২০২১ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকে বাংলাদেশ জাতীয় দলের নিয়মিত সদস্য হয়ে উঠেছেন শরিফুল ইসলাম। এখন পর্যন্ত তিনি ১৪টি টেস্ট, ৪০টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ এবং ৫৯টি টি—টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে দেশের প্রতিনিধিত্ব করেছেন। সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটেও রয়েছে তার বড় অভিজ্ঞতা। এখন পর্যন্ত ১৫৬টি টি—টোয়েন্টি ম্যাচ খেলে তিনি ১৯৫টি উইকেট নিয়েছেন। তার বোলিং গড় ২২ দশমিক ২৭ এবং ইকোনমি রেট ৮ দশমিক ২২। বাংলাদেশের ঘরোয়া টি—টোয়েন্টি আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগের অন্যতম চাহিদাসম্পন্ন খেলোয়াড় শরিফুল। টুর্নামেন্টটির ইতিহাসে শীর্ষ ১০ উইকেট শিকারির তালিকায়ও রয়েছেন তিনি। বিপিএলে ৬০ ইনিংসে ৮৭টি উইকেট নিয়েছেন ২০ দশমিক ৩৫ গড়ে।
আরও পড়ুনআগামী ২৬ মার্চ থেকে ৩ মে পর্যন্ত অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটির এবারের আসর। এবারই প্রথমবারের মতো পাকিস্তান সুপার লিগে অংশ নিতে যাচ্ছেন শরিফুল ইসলাম। এর আগে একই দিনে পেশোয়ার জালমি উদীয়মান বাঁহাতি পেসার মুহাম্মদ বাসিতকেও সরাসরি দলে নিয়েছে। ২০১৭ সালের চ্যাম্পিয়ন দলটি পিএসএল একাদশ আসরের আগে তাদের স্কোয়াড আরও শক্তিশালী করছে। এবারের পিএসএলে প্রথমবারের মতো আটটি দল অংশ নেবে এবং পাকিস্তানের ছয়টি ভেন্যুতে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। পেশোয়ার জালমি তাদের পিএসএল অভিযান শুরু করবে ২৮ মার্চ। ওই ম্যাচে তারা পিন্ডিজের বিপক্ষে মাঠে নামবে। ম্যাচটি অনুষ্ঠিত হবে ইমরান খান ক্রিকেট স্টেডিয়ামে।
পিএসএল একাদশ আসরে পেশোয়ার জালমির স্কোয়াড : বাবর আজম (অধিনায়ক), সুফিয়ান মুকিম, আবদুল সামাদ, আলি রাজা, অ্যারন হার্ডি, আমির জামাল, মোহাম্মদ হারিস, খালিদ উসমান, আবদুল সুবহান, জেমস ভিন্স, মাইকেল ব্রেসওয়েল, কুশল মেন্ডিস, ইফতিখার আহমেদ, নাহিদ রানা, মির্জা তাহির বেগ, শাহনওয়াজ দাহানি, ফারহান ইউসুফ, মুহাম্মদ বাসিত ও শরিফুল ইসলাম। খবর : জিও সুপার।
মন্তব্য করুন








