ভিডিও শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৪ মার্চ, ২০২৬, ০৯:৫২ রাত

মালদ্বীপে আগুনে নিহত বগুড়ার শিবগঞ্জে নূরনবীর বাড়িতে শোকের মাতম 

ছবি : সংগৃহীত, মালদ্বীপে আগুনে নিহত বগুড়ার শিবগঞ্জে নূরনবী

স্টাফ রিপোর্টার : মালদ্বীপ প্রবাসী বগুড়ার শিবগঞ্জ উপজেলার বাদেগাংনই গ্রামের আব্দুস সামাদের ছেলে নূরনবী সরকার (২৭) গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে নিহত হন। দীর্ঘ ১০ বছর আগে জীবিকার তাগিদে মালদ্বীপে পাড়ি জমিয়েছিলেন নূরনবী সরকার। আগামী কোরবানির ঈদে দীর্ঘ প্রবাস জীবনের ইতি টেনে স্থায়ীভাবে দেশে ফিরে আসার কথা ছিল তার। কিন্তু সেই ফেরা আর হলো না।

গত বৃহস্পতিবার (১২ মার্চ) দিবাগত রাতে মালদ্বীপের দিঘুরা আইল্যান্ডে শ্রমিক কোয়ার্টারে ভয়াবহ আগুনে প্রাণ হারিয়েছেন তিনি। ছেলের মৃত্যুর খবর আসার পর মরদেহ দেশে পৌঁছানো নিয়ে চরম অনিশ্চয়তায় দিন কাটছে পরিবারের। একমাত্র ছেলের নিথর দেহটি শেষবারের মতো দেখতে পাবেন কি না, তা নিয়ে কাটছে না দুশ্চিন্তা। শনিবার (১৪ মার্চ) সকালে নূরনবীর বাড়িতে গিয়ে দেখা যায়, প্রতিবেশীরা ভিড় করে আছেন শোকাতুর মা-বাবাকে সান্ত্বনা দিতে। তিন বোনের একমাত্র ভাই নূরনবী ছিলেন পরিবারের আশার প্রদীপ।

তার বাবা আব্দুস সামাদ বারবার বিলাপ করে বলছেন, অন্তত মুখটা দেখার ব্যবস্থা করেন। সরকার যেন আমার ছেলের লাশটা দ্রুত দেশে পাঠায়। পরিবার সূত্রে জানা গেছে, মালদ্বীপে সেহরির রান্না করতে গিয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুনের সূত্রপাত হয়। এতে নূরনবীসহ পাঁচ বাংলাদেশি শ্রমিক নিহত হন। মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশন থেকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হলেও মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া কতদূর, তা নিয়ে স্পষ্ট কোনো তথ্য না পাওয়ায় উদ্বেগ বাড়ছে স্বজনদের মধ্যে।

আরও পড়ুন

নূরনবীর ভাগ্নে মাহবুব বলেন, মামা ১০ বছরে একবারও দেশে আসেননি। এবার আসার সব কথা পাকা ছিল। এখন লাশটা কবে আসবে, আমরা কিছুই বুঝতে পারছি না। এ বিষয়ে শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জিয়াউর রহমান বলেন, মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশন থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হলে মরদেহ দেশে আনার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মালদ্বীপে আগুনে নিহত বগুড়ার শিবগঞ্জে নূরনবীর বাড়িতে শোকের মাতম 

কক্সবাজার থেকে নোয়াখালীতে ইয়াবা পাচার, গ্রেপ্তার ২

সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান না করলে রাজপথে নামবে ১১ দল

রূপগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বাবার মৃত্যু, ছেলেসহ আহত ২

গোপালগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

আশাশুনিতে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার