ভিডিও সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০৯ মার্চ, ২০২৬, ০৫:১৪ বিকাল

হাঁস চুরির অপমান সহ্য করতে না পেরে যুবকের আত্মহত্যা

হাঁস চুরির অপমান সহ্য করতে না পেরে যুবকের আত্মহত্যা

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নে হাঁস চুরির ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় সালিশের রায় ও অপমান সহ্য করতে না পেরে মাসুম (১৯) নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। 

আজ রোববার (৮ মার্চ) বিকেলে উপজেলার চরমথুরা গ্রামের মিজি বাড়িতে এই ঘটনা ঘটে। পরে রাতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মাসুমের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, তিনটি হাঁস চুরির অভিযোগকে কেন্দ্র করে শনিবার সকাল থেকে রাত পর্যন্ত কয়েক দফায় মাসুমকে শাসানো ও মারধর করা হয়। রোববার সকালে স্থানীয় ইউপি সদস্যের নেতৃত্বে একটি সালিশ বৈঠক বসে। ওই সালিশে মাসুমকে দোষী সাব্যস্ত করে ‘নাকে খত’ দেয়ানো এবং ৫ হাজার টাকা জরিমানা করার সিদ্ধান্ত দেয়া হয়। এ সময় তার ও পরিবারের সদস্যদের অপমান করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে।

মাসুমের মা মৌসুমি বেগম জানান, হাঁস চুরির অভিযোগকে কেন্দ্র করে এলাকার কিছু লোকজন তার ছেলেকে বারবার মারধর ও হুমকি দেয়। সালিশে তাকে অপমানজনক শাস্তি দেয়া হয় এবং জরিমানাও করা হয়। রোববার বিকেলে তিনি মাদরাসায় গেলে পরে খবর পান, অপমান সহ্য করতে না পেরে তার ছেলে গলায় ফাঁস দিয়েছে। তিনি আরও অভিযোগ করেন, ঘটনার সময় তাদের ঘরেও ভাঙচুর চালানো হয়েছে।

মাসুমের খালা সুমি বেগম বলেন, এটি আত্মহত্যা নয়, তাকে আত্মহত্যার দিকে ঠেলে দেয়া হয়েছে। যারা তাকে অপমান করেছে এবং নির্যাতন করেছে, তাদের বিরুদ্ধে সুষ্ঠু বিচার চাই।

এদিকে সাবেক ইউপি সদস্য আ. গনি বলেন, আমি বাড়ির অভিভাবক হলেও আমাকে না জানিয়েই সালিশ করা হয়েছে। বিচার সঠিক হয়েছে কি না জানি না, তবে এমন মৃত্যু কোনোভাবেই মেনে নেয়া যায় না।

আরও পড়ুন

অভিযোগকারী পক্ষের সদস্য নয়ন পাটওয়ারী জানান, শুক্রবার রাতে তাদের ঘর থেকে তিনটি হাঁস চুরি হয়। পরে জানতে পারেন মাসুম ও আল-আমিন নামের আরেক যুবক হাঁসগুলো এক আত্মীয়ের কাছে বিক্রি করেছে। বিষয়টি স্থানীয় ইউপি সদস্যকে জানালে তিনি সালিশের ব্যবস্থা করেন।

স্থানীয় ইউপি সদস্য মিজানুর রহমান বলেন, হাঁস চুরির অভিযোগের পর এলাকাবাসীকে নিয়ে সালিশ করা হয়। সালিশের সিদ্ধান্ত অনুযায়ী মাসুমকে জরিমানা করা এবং নাকে খত দিতে বলা হয়। পরে সন্ধ্যার দিকে তার আত্মহত্যার খবর পান এবং বিষয়টি পুলিশকে জানান।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন জানান, যুবকের আত্মহত্যার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে রাত সাড়ে দশটার দিকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাঁস চুরির অপমান সহ্য করতে না পেরে যুবকের আত্মহত্যা

ডিজিটাল রেলসেবায় কালোবাজারি: ঈদযাত্রায় সাধারণ মানুষের হতাশা

মুন্সীগঞ্জে দুই পক্ষের সশস্ত্র সংঘর্ষে আহত ১৫, আটক ৩

ঈদ বাজার ও মধ্যবিত্তের অর্থনৈতিক চাপ

সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর অভিযান

সাইপ্রাসে ছয়টি এফ-১৬ যুদ্ধবিমান মোতায়েন তুরস্কের