কুষ্টিয়া থেকে চুক্তিতে অস্ত্র পাচারকালে বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক
কুষ্টিয়া থেকে চুক্তিতে বিদেশি অস্ত্র, গুলি ও ম্যাগজিন বহন করে ঢাকার বাইপাইলে পাচারকালে রাজবাড়ী থেকে মুন্না মণ্ডল (২২) নামে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে সদর উপজেলার চন্দনী বাসস্ট্যান্ড এলাকায় কুষ্টিয়া থেকে দৌলতদিয়া ঘাটগামী লোকাল বাস সাগর পরিবহনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক মুন্না মন্ডল কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার বাগযোগ কাস্টম গ্রামের মনিরুল মণ্ডলের ছেলে।
জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চন্দনী বাসস্ট্যান্ড এলাকায় দৌলতদিয়া ঘাটগামী লোকাল বাস সাগর পরিবহনে অভিযান চালিয়ে মুন্না মণ্ডল নামের এক যুবকের পরিহিত জ্যাকেটের ভেতর থেকে ২টি বিদেশি পিস্তল, ৮ রাউন্ড গুলি ও ৪টি ম্যাগজিন উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুনতিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটক যুবক মুন্না মণ্ডল ২০ হাজার টাকার বিনিময়ে অস্ত্র, গুলি ও ম্যাগজিন বহন করে ঢাকার বাইপাইলে নিয়ে যাচ্ছিল। সে নিয়মিত অস্ত্র পরিবহন করে দেশের বিভিন্ন জায়গায় পাচার করে থাকে এমনটি জানিয়েছে আমাদের। আমরা বিষয়টি অধিকতর তদন্ত করে দেখছি। আটক মুন্নার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক






