ভিডিও বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:২০ রাত

যেন দেখার কেউ নেই

অবৈধ আর অনিয়ন্ত্রিত যানবাহনে বেহাল বগুড়া শহরের নগরজীবন

অবৈধ আর অনিয়ন্ত্রিত যানবাহনে বেহাল বগুড়া শহরের নগরজীবন। ছবি : দৈনিক করতোয়া

স্টাফ রিপোর্টার : বগুড়া শহরের যানজট নিয়ন্ত্রণে বড় সমস্যা এখন অনুমোদিত অটোচার্জার গাড়ি। শহরের যত্রতত্র অবৈধভাবে এসব গাড়ির স্ট্যান্ড গড়ে তোলা এবং যাত্রী ওঠানামা করায় ভেঙে পড়েছে শহরের ট্রাফিক ব্যবস্থা।

শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় সকাল থেকে রাত পর্যন্ত এমন অনিয়ম হলেও প্রতিকারে নেউ কার্যকর কোন পদক্ষেপ। তবে ট্রাফিক পুলিশসহ অন্যান্য সংস্থা কোথাও কোথাও কালেভাদ্রে অভিযান চালালেও উল্টো চিত্র দেখা যায় তাদের চলে যাওয়ার পরেই। তার ওপর যোগ হয়েছে ঈদ উপলক্ষ্যে ভ্রাম্যমাণ ভ্যানে করে কাপড় বিক্রির উৎপাত।

বর্তমানে শহরের যানজট তীব্র থেকে তীব্রতর হয়েছে। যানজটের তীব্রতা বাড়িয়েছে মূল শহরে প্রবেশের রাস্তাগুলোতে অবৈধ অটো গাড়ির স্ট্যান্ড। এসব স্ট্যান্ড নিয়ন্ত্রেণে প্রশাসন ও বিশেষ মহলের যোগসাজসের অভিযোগ দীর্ঘদিনের। পাশাপাশি পৌর শহরে চলাচলকারী কোন ধরনের রিকশা ও অটোচার্জার গাড়ির কোন অনুমোদন নেই।

ফলে অবৈধ এসব যানের অনিয়ন্ত্রিত চলাচলে প্রায় স্থবির হয়ে পড়েছে বগুড়া শহর। যেন দেখার ও শোনার কেউ নেই। দুর্ভোগ নিত্যসঙ্গী শহরে আসা মানুষের। তবে ট্রাফিক পুলিশ বলছে, দিনভর অভিযান চালিয়েও মানুষের আইন না মানার প্রবণতার কারণে যানজট নিরসন করা যাচ্ছে না।

সাতমাথার সাত রাস্তায় সাতটি অটোরিকশা স্ট্যান্ড, আছে শেরপুরগামী বাসস্ট্যান্ড, সিএনজিচালিত অটোরিকশা স্ট্যান্ড, থানা মোড় থেকে ১নং রেলগুমটি পর্যন্ত অটোরিকশা অবৈধ দখল, ২নং রেলগুমটি থেকে দত্তবাড়ি পর্যন্ত, টিনপট্টি, জিলা স্কুলের সামনে ফতেহ আলী বাজার মোড়, স্টেশন রোড, গোহাইল রোড, প্রাণকেন্দ্র সাতমাথার সপ্তপদী মার্কেটের সামনে অঘোষিত অবৈধি অটোরিকশা স্ট্যান্ডসহ সব রাস্তায় এখন এসব অবৈধ পরিবহনের দখলে।

আর এসব হচ্ছে প্রশাসনের নাকের ডগায়। প্রশাসন সাতমাথায় দাঁড়িয়ে দু’চারটি মোটরসাইকেলের কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষা ও জরিমানা করলেও এসব অবৈধ পরিবহনের ব্যাপারে একেবারেই নীরব। এছাড়াও শহরের অতিগুরুত্বপূর্ণ থানা মোড়ে সবদিকের রিকশা চলাচল বন্ধ করে দিয়ে সাতমাথা থেকে একমুখী করার উদ্যোগে যানজট আরও বেড়েছে। ভুক্তভোগীরা বলছেন, এই অংশের যান চলাচলের জন্য বিআরটিসি মার্কেট ব্যবহার করতে নানা অসুবিধা হয়।

কারণ ১নং রেলগুমটির কাছে অবৈধ সিএনজি ও অটোরিকশার স্ট্যান্ড থাকায় এই অংশের যানজট ভোগান্তি বাড়িয়েছে বহুগুণ। অথচ রেলগুমটির কাছে সবসময়ই একজন ট্রাফিক পুলিশ দেখা গেলেও এখন তাও নেই। প্রশাসনের সামনেই অবৈধ স্ট্যান্ড গড়ে তুলে চাঁদা আদায় করে ব্যবসায়ীদেরও ক্ষতি করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। দীর্ঘদিন এই যাত্রী ওঠানামা করা হলেও অজ্ঞাত কারণে তা বন্ধ হয় না।

আরও পড়ুন

এছাড়াও দত্তবাড়ী, ফতেহ আলী বাজার মোড়, টিনপট্টি, কাটনার সেন্ট্রাল স্কুলের সামনের রোড, চেলোপাড়া, গোলাবাড়ী ও সারিয়াকান্দি রোড, ২নং রেলগুমটি, শেরপুর রোড, পার্ক রোড, স্টেশন রোড, বগুড়া জিলা স্কুলের সামনেসহ কোথায় নেই গাড়ির অবৈধ স্ট্যান্ড। প্রশাসনের নাকের ডগার ওপর দিনের পর দিন এসব স্ট্যান্ড পরিচালিত হলেও রহস্যজনক কারণে অবৈধ এসব স্ট্যান্ড সরিয়ে যানজট নিরসনে কারো কোন উদ্যোগ না থাকায় ভোগান্তির সাথে বাড়ছে জনমনে অসন্তোষ।

এছাড়াও অনিয়ন্ত্রিত রিকশায় স্থবির বগুড়া শহর। শহরের রাস্তাগুলোতে রিকশা চলাচলে কোন নিয়ন্ত্রণ না থাকায় রিকশার জটে ঘন্টার পর ঘন্টা আটকে থাকছে এ শহরের মানুষ। নিয়ন্ত্রণহীন রিকশা চলাচল, নানা ধরনের গাড়ির অবৈধ স্ট্যান্ড এবং রাস্তা আর ফুটপাত দখলে বগুড়া শহরের যানজট দিন দিন অসহনীয় হয়ে উঠেছে।

প্রায়ই দিনভর শহরের প্রাণকেন্দ্র সাতমাথা থেকে শুরু করে প্রায় সব রাস্তাতেই থাকে দীর্ঘ যানজট। কাজী নজরুল ইসলাম সড়ক থেকে দত্তবাড়ি, সাতমাথা থেকে রেলস্টেশন, শেরপুর রোডের পিটিআই মোড়, গোহাইল রোডে খান্দার বাজার, নবাববাড়ি রোড, সার্কিট হাউজ রোড, এমএ খান লেন, টেম্পল রোড, চেলোপাড়া, জলেশ্বরীতলা, বড়গোলা, টিনপট্টি, ১নং রেলগুমটি থেকে প্রেসপট্টি, চাঁদনী বাজার মোড়, গালাপট্টি, ফতেহ আলী বাজার মোড়, চকযাদু রোডসহ শহরের সব রাস্তাতেই থাকে অসহনীয় অটোরিকশার জট।

বিশেষ করে নিত্যনতুন থ্রি-হুইলার, চার্জার রিকশা, অটোরিকশা, সিএনজিচালিত অটোরিকশাসহ প্যাডেল রিকশা-ভ্যানের অবাধ যাতায়াতে শহরের ট্রাফিক ব্যবস্থা অনেকটাই অকার্যকর। এর সাথে যোগ হয় শহরের অনেক গুরুত্বপূর্ণ সড়কে বিশেষ করে বড়গোলা থেকে সাতমাথা পর্যন্ত সড়কের উভয় পাশে রাস্তা দখল করে মোটরসাইকেলসহ অন্যান্য যানবাহন পার্কিং করে রাখা।

বিশেষ করে শহরের অন্যতম বাণিজ্যিক এলাকা চাঁদনী বাজার মোড়, কাজী নজরুল ইসলাম সড়ক, ঝাউতলা, থানার পিছনের রাস্তা, স্টেশন রোড, গোহাইল রোড এবং রাজা বাজার সংলগ্ন রাস্তা ও ফুটপাত দখল করে দোকান বসা ও দোকানীদের পণ্য দিয়ে ফুটপাত দখল করার কারণে ব্যস্ততম এই এলাকায় সব সময়ই মানুষ ও বিভিন্ন যানবাহনের জট লেগেই থাকছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবৈধ আর অনিয়ন্ত্রিত যানবাহনে বেহাল বগুড়া শহরের নগরজীবন

বগুড়ার ধুনট শিশু পার্কের রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন

সরকারি দলে থাকলে অ্যাকশনটা আরও বেশি নিতে পারতামঃ আমির হামজা

লায়ন্স ক্লাব অব বগুড়ার ইফতার বিতরণ

আদালতে নেওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পিকআপভ্যান, আসামি- পুলিশসহ আহত ৬

দল-মত নির্বিশেষে উপজেলার সার্বিক উন্নয়ন করতে হবে : এমপি আজহারুল ইসলাম