রমজানকে স্বাগত জানাতে ঢাবির হলগুলোতে বর্ণিল সাজ, শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ
ঢাবি প্রতিনিধি : পবিত্র মাহে রমজানকে ঘিরে নতুন সাজে সেজে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়-এর আবাসিক হলগুলো। আলোকসজ্জা, রঙিন ব্যানার ও ইসলামী নকশায় সাজানো প্রবেশদ্বার—সব মিলিয়ে ক্যাম্পাসজুড়ে তৈরি হয়েছে উৎসবমুখর এক অনন্য পরিবেশ। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সরেজমিনে ঘুরে দেখা যায়, বিজয় একাত্তর হল, জিয়াউর রহমান হল, শহীদ ওসমান হাদি হল, হাজী মোহাম্মদ মুহসিন হলসহ বিভিন্ন আবাসিক হলের প্রবেশদ্বার ও অভ্যন্তরে ঝলমলে আলোকসজ্জা।
গেটজুড়ে শোভা পাচ্ছে রমজানের শুভেচ্ছাবার্তা। চাঁদ-তারা, মসজিদের মিনার ও নানা ইসলামী নকশায় সাজানো হয়েছে হলের প্রবেশপথ। ঝুলানো হয়েছে রমজান থিমের ব্যানার ও ফেস্টুন। রমজান শুরুর আগমুহূর্তেই হল সংসদগুলোর উদ্যোগে এই সাজসজ্জার আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক আয়োজন না থাকলেও শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে সম্মিলিত উদ্যোগে এই কর্মসূচি বাস্তবায়ন করেছেন বলে জানান তারা।
শহীদ ওসমান হাদি হলের (প্রস্তাবিত) আবাসিক শিক্ষার্থী সোহাগ হোসেন বলেন, “প্রতিবছরই রমজানে হলে ভিন্ন এক আবহ তৈরি হয়। তবে এবারের সাজসজ্জা সত্যিই ব্যতিক্রম। আমরা চাই, রমজান ছাড়াও জাতীয় ও সাংস্কৃতিক দিবসগুলোতেও এমন সৃজনশীল উদ্যোগ দেখা যাক।” সূর্য সেন হল-এর আবাসিক শিক্ষার্থী মোহাম্মদ হাবিব বলেন, “হলগুলোতে রমজান উপলক্ষ্যে উৎসবের আমেজ মন ভালো করে দেয়। পরিবার থেকে দূরে থেকেও বন্ধুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করা যায়।
আরও পড়ুনবর্ণিল সাজে সুসজ্জিত হলগুলো অন্যরকম অনুভূতি দেয়।” শহীদ ওসমান হাদি হলের এজিএস মুশফিক তাজওয়ার মাহির জানান, “বরাবরের মতোই রমজান উপলক্ষ্যে হলগুলোতে আলোকসজ্জা করা হচ্ছে। তবে এবারের আয়োজন একটু ব্যতিক্রম। হল সংসদের নেতৃবৃন্দ বিভিন্নভাবে স্পন্সর ম্যানেজ করে যতটা সম্ভব উৎসবমুখর পরিবেশ তৈরি করার চেষ্টা করেছেন।” শিক্ষার্থীদের মতে, আত্মশুদ্ধি, সংযম ও সম্প্রীতির বার্তা নিয়ে আসা মাহে রমজানকে ঘিরে এমন উদ্যোগ ক্যাম্পাসে ইতিবাচক প্রভাব ফেলছে।
হলগুলোর এই বর্ণিল সাজসজ্জা শিক্ষার্থীদের মাঝে সম্প্রীতি ও আনন্দের অনুভূতি বাড়িয়েছে, যা রমজানের পবিত্র আবহকে আরও প্রাণবন্ত করে তুলেছে। ক্যাম্পাসজুড়ে এখন একটাই প্রত্যাশা—শান্তি, সহমর্মিতা ও সৌহার্দ্যের বার্তা নিয়ে রমজান যেন সবার জীবনে নিয়ে আসে নতুন আলো।
মন্তব্য করুন









