ফ্যামিলি কার্ড কর্মসূচিতে প্রকৃত দরিদ্র ও অসহায় পরিবার নির্বাচন এবং অর্থ বিতরণের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার সিদ্ধান্ত নিয়েছে সংসদীয় কমিটি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
কমিটির সভাপতি মো. শাহজাহান এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন কমিটির সদস্য ও সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন, সরওয়ার জামাল নিজাম, মোহাম্মদ সালমান ওমর, আরিফা সুলতানা, নিপুন রায় চৌধুরী, মো. মুজিবুর রহমান, মো. মাজেদুর রহমান এবং মো. মোস্তাফিজুর রহমান।
বৈঠকে মন্ত্রণালয়ের আওতাধীন চলমান প্রকল্পগুলোর বাস্তবায়ন অগ্রগতি নিয়মিত পর্যালোচনা এবং পিছিয়ে থাকা প্রকল্পগুলোর কাজ ত্বরান্বিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়।
ফ্যামিলি কার্ড কর্মসূচিতে প্রকৃত দরিদ্র ও অসহায় পরিবার নির্বাচন নিশ্চিত করার পাশাপাশি উপকারভোগী বাছাই, তথ্য যাচাই এবং অর্থ বিতরণের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখার সিদ্ধান্ত হয়।
প্রয়োজনে প্রকৃত উপকারভোগীর কাছে ফ্যামিলি কার্ড পৌঁছানো নিশ্চিত করতে একাধিকবার তদন্ত ও যাচাই এবং গণশুনানির ব্যবস্থা রয়েছে বলে বৈঠকে কমিটিকে অবহিত করে মন্ত্রণালয়।
আরও পড়ুন
কমিটি সমাজসেবা অধিদপ্তরের জেলা ও উপজেলা পর্যায়ের কার্যক্রম নিয়মিত পরিদর্শনের জন্য মন্ত্রণালয়কে নির্দেশনা দেয়। সেবা প্রদানে কোনো অনিয়ম বা অব্যবস্থাপনা পরিলক্ষিত হলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার তাগিদ দেওয়া হয়।
এ ছাড়া মন্ত্রণালয়ের মাঠপর্যায়ের কার্যক্রম সম্পর্কে সংশ্লিষ্ট এলাকার মন্ত্রী ও সংসদ সদস্যদের অবহিত করার সুপারিশ করে কমিটি।
বৈঠকে মন্ত্রণালয়ের মাঠপর্যায়ের কার্যালয়গুলোতে সেবা কার্যক্রম গতিশীল করতে জনবল সংকট ও প্রশাসনিক জটিলতা চিহ্নিত করে তা নিরসনে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়।
এ সময় কমিটির সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণে মন্ত্রণালয়ের মনিটরিং ব্যবস্থা চালুর সিদ্ধান্ত হয়। পাশাপাশি সভায় গৃহীত সিদ্ধান্তগুলো বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও অধিদপ্তরকে নির্দিষ্ট সময়সীমাসহ কর্মপরিকল্পনা প্রণয়ন করতে বলা হয়। পরবর্তী সভায় এসব সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন উপস্থাপনেরও সিদ্ধান্ত নেওয়া হয়।