শেখ হাসিনার স্বেচ্ছায় দেশে ফেরা ও প্রত্যর্পণ আলাদা বিষয়: ভারত
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বেচ্ছায় দেশে ফেরার পরিকল্পনা এবং তাঁকে প্রত্যর্পণে ঢাকার অনুরোধ দুটি সম্পূর্ণ আলাদা বিষয় বলে জানিয়েছে ভারত। বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সোয়াল এ কথা বলেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ ভারতের প্রতিষ্ঠিত প্রক্রিয়া অনুযায়ী বিবেচনা করা হচ্ছে। অন্যদিকে, কোনো নাগরিক প্রয়োজনীয় ভ্রমণসংক্রান্ত নথি নিয়ে স্বেচ্ছায় নিজ দেশে ফিরতে চাইলে সেটি সম্পূর্ণ আলাদা বিষয়।
গত বছরের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। মানবতাবিরোধী অপরাধের মামলায় গত ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাঁকে মৃত্যুদণ্ড দেন। তাঁকে দেশে ফেরাতে ভারতকে একাধিকবার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সরকার।
এর মধ্যে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার পরিকল্পনা করছেন। এ জন্য তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজ পাঠানোর আহ্বান জানিয়েছেন। তবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, তাঁকে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ফিরতে হবে।
আরও পড়ুনএ বিষয়ে জয়সোয়াল বলেন, শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি প্রক্রিয়া অনুযায়ী বিবেচনাধীন। তিনি আরও বলেন, এটি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও দেশটির বর্তমান সরকারের বিষয়। এ ক্ষেত্রে ভারতের কিছু করার নেই।
এদিকে, বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর হামলার অভিযোগ নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে ভারত। জয়সোয়াল বলেন, এসব ঘটনা চিন্তার বিষয়। বাংলাদেশ সরকারের উচিত প্রতিটি ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে অপরাধীদের বিচারের আওতায় আনা।
ব্রিফিংয়ে আওয়ামী লীগ নেতাদের সীমান্ত পরিদর্শন, গঙ্গার পানিচুক্তি নবায়ন এবং ইন্দোনেশিয়ার নৌবাহিনীর হাতে বাংলাদেশগামী একটি জাহাজ আটকের বিষয়েও প্রশ্ন করা হয়। জাহাজ আটকের বিষয়ে তিনি জানান, এ-সংক্রান্ত একটি প্রতিবেদন ভারতের নজরে এসেছে। প্রতিবেশী দেশগুলোর পরিস্থিতির ওপর ভারত নজর রাখে এবং প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেয়।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক








