ভিডিও সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২৩ নভেম্বর, ২০২৬ ০৮:১৩ পিএম

জয়পুরহাটে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে ওষুধ নেই, স্বাস্থ্যসেবা ব্যাহত

জয়পুরহাটে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে ওষুধ নেই, স্বাস্থ্যসেবা ব্যাহত

জয়পুরহাট প্রতিনিধি : মাসের পর মাস ধরে সব ধরনের ওষুধ সরবরাহ বন্ধ রয়েছে জয়পুরহাটের ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে। ফলে চরমভাবে ব্যাহত হচ্ছে গ্রামীন জনগোষ্ঠীর চিকিৎসাসেবা। ওষুধ সরবারহ বন্ধ থাকায় সাধারণ মানুষ বাধ্য হয়ে যাচ্ছেন জেলা-উপজেলার হাসপাতাল ও বেসরকারি ক্লিনিকে। এতে যেমন বাড়ছে খরচ, তেমন পড়তে হচ্ছে ভোগান্তিতে। দ্রুত ওষুধ সরবরাহ করে কেন্দ্রগুলো সচল করার দাবি তাদের। 

জানা গেছে, জয়পুরহাট জেলায় ২৫টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র রয়েছে। প্রত্যন্ত গ্রামাঞ্চলের দরিদ্র ও নিম্নআয়ের মানুষের চিকিৎসাসেবার অন্যতম ভরসা কেন্দ্রগুলি। এখানে বিনামূল্যে ওষুধসহ প্রাথমিক চিকিৎসা, প্রসূতি মায়ের চিকিৎসা ও পরিবার পরিকল্পনা বিষয়ে সেবা পাওয়া যায়। প্রতিদিন হাজার হাজার মানুষ এসব কেন্দ্রে চিকিৎসা নিলেও বর্তমান কেন্দ্রগুলো একেবারেই ফাঁকা। মাসের পর মাস ধরে সব ধরনের ওষুধ সরবরাহ বন্ধ রয়েছে স্বাস্থ্যকেন্দ্রে গুলোতে । কোনোটিতে ৪ থেকে ৫ মাস, আবার কোনোটিতে ৬ থেকে ৯ মাস পর্যন্ত নেই ওষুধ সরবরাহ।

এতে ভেঙে পড়ার উপক্রম হয়েছে এখানকার স্বাস্থ্যসেবা। ওষুধ না পেয়ে খালি হাতে ফিরতে হচ্ছে রোগীদের। স্বাস্থ্যকর্মীরা অলস সময় পার করছেন। দুই একজন রোগী আসলে শুধু মাত্র পরামর্শ বা ব্যবস্থাপত্র লিখে দিচ্ছেন। এতে করে কেন্দ্রগুলোতে একেবারেই কমে গেছে রোগীর সংখ্যা।

আর চিকিৎসা না পেয়ে দরিদ্র ও নিম্ন আয়ের মানুষরা বাধ্য হয়ে যাচ্ছেন জেলা ও উপজেলার হাসপাতাল বা বেসরকারি ক্লিনিকে। স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দ্রুত ওষুধ সরবরাহের দাবি জেলাবাসীর।

সদর উপজেলার কোমরগ্রামের আবু হোসেন ইভান বলেন, ‘আমাদের কেন্দ্রে ৫ মাস ধরে কোন ওষুধ পাচ্ছিনা। এজন্য আমরা ছোট খাটো কোন রোগে আক্রান্ত হলে জেলা হাসপাতালে যেতে হচ্ছে। এতে করে সময় নষ্ট হচ্ছে, টাকাও খরচ হচ্ছে। সরকারের কাছে অনুরোধ দ্রুত ওষুধ সরবরাহ করা হোক।’

সোটাহার গ্রামের ফাহিমা বেগম বলেন, ‘আমার বাচ্চা অসুস্থ্য এজন্য ওষুধ নেওয়ার জন্য এসেছিলাম। আগে ওষুধ নিতে আসলে ভিড় থাকতো, এখন এসে দেখি শুধু ডাক্তার আপা বসে আছে। তিনি বললেন কোন ওষুধ নেই। আমরা গরীব মানুষ বিনামূল্যে ওষুধ পাইলে আমাদের সুবিধা হতো।’

আরও পড়ুন

তেঘর বিশার সোনালী রানা মাহাতো বলেন, ‘মোহাম্মাদাবাদ স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ নেওয়ার জন্য এসে শুনি ওষুধ সরবরাহ বন্ধ আছে। বর্তমান ওষুধের যে দাম, তাহলে আমরা আদিবাসী মানুষ কোথায় যাব? এমনিতেই সংসারে অভাব-অনটন। মানুষের জমিতে দিনমজুরি দিয়ে কোনভাবে সংসার চালাই। এখানে ওষুধ পাওয়া গেলে আমাদের সংসারে সাশ্রয় হতো।’

মোহাম্মাদাবাদ কেন্দ্রের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আব্দুল হাকিম বলেন, ‘আমার কেন্দ্রে ৯ মাস থেকে কোন ওষুধ সরবরাহ পাইনি। বর্তমানে ওষুধ না থাকায় রোগীর সংখ্যা অনেক কমে গেছে। যে দুই একজন আসে তাদের শুধু পরামর্শ বা ব্যবস্থাপত্র দেওয়া হয়। আমাদের অনেক সময় গালাগালি করে। বুঝিয়ে বলি, এতে আমাদেরও খারাপ লাগে তাদের খারাপ লাগে। সারাদিন বসে থাকতেও অলস লাগে। দ্রুত ওষুধ সরবরাহ হলে কাঙ্খিত সেবা দেওয়া যাবে।’

বম্বু ইউনিয়নের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সেলিনা পারভীন বলেন, ‘আমি ৫ মাস ধরে কোন ওষুধ সরবরাহ পাইনি। এ কারণে চিকিৎসাসেবা ব্যহত হচ্ছে। মানুষজন বারবার এসে ঘুরে যাচ্ছে। আমরা শুধু পরামর্শ দিচ্ছি।

শুধু পরামর্শ দিয়ে মানুষ তো সন্তুষ্ট হচ্ছেনা, তারা ওষুধ চায়। আমরা ওষুধ না পাইলে মানুষকে দিব কিভাবে? আগে যেখানে প্রতিমাসে ১ হাজার রোগী হতো, এখন ১শ হয়না। সরকারের কাছে আবেদন দ্রুত যেন ওষুধ সরবরাহ করা হয়।’

জয়পুরহাট পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ কামাল হোসেন বলেন, ‘ওষুধ না থাকার কারণে চিকিৎসাসেবা ব্যহত হচ্ছে। আমাদের পরিবার পরিকল্পনা কর্মীরা উঠান বৈঠকের মাধ্যমে মানুষকে পরামর্শ দিচ্ছে। আশা করছি দ্রুতই ওষুধ সরবরাহ পাবো। সরবরাহ পেলেই আগের মতো চিকিৎসাসেবা দেওয়া সম্ভব হবে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়পুরহাটে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে ওষুধ নেই, স্বাস্থ্যসেবা ব্যাহত

১

বগুড়ায় রাহুল হত্যা মামলার আসামির আদালতে জামিন নামঞ্জুর

২

পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি প্রস্তাব করেছে মালিকপক্ষ

৩

পাভেলের বিরুদ্ধে ১৯ লাখ টাকা ক্ষতির অভিযোগ নির্মাতার

৪

বগুড়ার সোনাতলায় হাঁস পালন করে স্বাবলম্বী ফুলবাবু

৫

বোয়ালখালীতে বিষধর সাপের ছোবলে ২১ মাস বয়সী শিশুর মৃত্যু

৬