ভিডিও রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ১৫ নভেম্বর, ২০২৬ ০৮:৪৮ পিএম

গাইবান্ধার সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে হামলা-অগ্নিসংযোগ, লুটপাটের অভিযোগ

গাইবান্ধার সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে হামলা-অগ্নিসংযোগ, লুটপাটের অভিযোগ

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জে পৈত্রিক জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের বিরুদ্ধে বাড়িতে হামলা, অগ্নিসংযোগ, স্বর্ণালঙ্কার ও মালামাল লুটপাট, পাকা ধান ও গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী কাজিউল ইসলাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। আজ রোববার (১৫ নভেম্বর) বিকেলে সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম রেজা অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ৫১ শতক জমি নিয়ে কাজিউল ইসলাম ও তার পরিবারের সাথে প্রতিবেশী শাহজাহান আলী ও তার পরিবারের দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ নিয়ে স্থানীয়ভাবে গ্রাম্য সালিশ হলেও বিরোধের নিষ্পত্তি হয়নি। অভিযোগে বলা হয়, গত শনিবার দুপুরে শাহজাহান আলী, সাজু মিয়া, শাখা মিয়াসহ অভিযুক্তরা লাঠিসোঁটাসহ দেশীয় অস্ত্র নিয়ে কাজিউলদের বাড়িতে প্রবেশ করেন।

এসময় প্রাণ ভয়ে তারা বাড়ি ছেড়ে চলে যান তারা। পরে বাড়িতে থাকা স্বর্ণের কানের দুল ও চেইন, একটি স্যালোমেশিন, টিউবওয়েল, আসবাবপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র লুট করে নেওয়া হয়। পাশাপাশি বাড়িতে আগুন ধরিয়ে দিয়ে জমির ধান কাটতে শুরু করেন অভিযুক্তরা।

আগুন দেখতে পেয়ে কাজিউলের ভাই দুখু মিয়া জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ চলে যাওয়ার পর অভিযুক্তরা আবারও ধান ও গাছ কেটে নিয়ে যান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন

ভুক্তভোগীদের দাবি, ইউপি চেয়ারম্যান এবিএম মিজানুর রহমান খোকনসহ স্থানীয় লোকজনের উপস্থিতিতে বিরোধপূর্ণ জমিতে থাকা ঘরবাড়িতে আগুন ধরিয়ে পুড়িয়ে দেন অভিযুক্তরা। পরে তারা ওই জমির পাকা ধান ও গাছ কেটে নিয়ে যান।

এর আগে একই জমি নিয়ে বিরোধের জেরে প্রাণনাশের হুমকি ও জমি দখলের আশঙ্কায় গত ১৮ অক্টোবর সুন্দরগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন দুখু মিয়া। অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত সাজু মিয়া বলেন, এটি আমাদের ক্রয় করা জমি। দীর্ঘদিন ধরে জমিটি ভোগদখল করে আসছি। জমিতে আমাদের ঘর ও গাছপালা ছিল। তারাই আগুন দিয়ে ঘর পুড়িয়ে ফেলেছে। ধান ও গাছও তারাই কেটেছে।

এ বিষয়ে শান্তিরাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবিএম মিজানুর রহমান খোকনের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। সুন্দরগঞ্জ থানার ওসি মো. সেলিম রেজা বলেন, উভয়পক্ষ পাল্টাপাল্টি অভিযোগ দিয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাইবান্ধার সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে হামলা-অগ্নিসংযোগ, লুটপাটের অভিযোগ

১

অলিম্পিক ক্রিকেটের বাছাই হবে বাংলাদেশে

২

বগুড়ার শেরপুরে ইয়াবাসহ শাফিন নামের মাদক কারবারি গ্রেফতার

৩

মহেশখালীতে বিয়েবাড়িতে গুলির ঘটনায় সাতজন আহত

৪

বগুড়ার সারিয়াকান্দির মাঠে মাঠে আমন ধান কাটার উৎসব: বাম্পার ফলন

৫

জয়পুরহাটের পাঁচবিবির বাগজানায় যৌন উত্তেজক সিরাপসহ আটক- ১

৬