ভিডিও বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ১২ নভেম্বর, ২০২৬ ০৬:৩৪ পিএম

বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশে অস্ট্রেলীয় বিনিয়োগ বাড়ানো এবং রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে অস্ট্রেলিয়ার সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও কৃষি খাতে দুই দেশের সহযোগিতা সম্প্রসারণের ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১-এর ফাঁকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে এসব বিষয় তুলে ধরেন তারেক রহমান। স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠকে দুই দেশের প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তন, বিনিয়োগ, কৃষি উন্নয়ন ও রোহিঙ্গা সংকটসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে বিদেশি বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরে অস্ট্রেলীয় বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়ানোর আহ্বান জানান। এ সময় কৃষি খাতের উন্নয়ন ও পারস্পরিক সহযোগিতার বিষয়েও আলোচনা হয়।

রোহিঙ্গা সংকট প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, এই সংকটের উৎপত্তি মিয়ানমারে এবং এর স্থায়ী সমাধানও সেখানেই নিহিত। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে অস্ট্রেলিয়ার কূটনৈতিক তৎপরতা আরও জোরদার করার আহ্বান জানান তিনি।

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় উন্নয়নশীল ও বিশেষভাবে ঝুঁকিপূর্ণ দেশগুলোর প্রয়োজনকে অগ্রাধিকার দেওয়ার ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। পাশাপাশি কপ-৩১ সম্মেলনের আলোচনা প্রক্রিয়ায় অস্ট্রেলিয়ার নেতৃত্বের প্রশংসা করেন তিনি।

আরও পড়ুন

এ সময় বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতের পরিকল্পনাও তুলে ধরেন তারেক রহমান। তিনি জানান, ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে পূরণের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।

এ ছাড়া পরিবেশ সংরক্ষণে আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ রোপণ, নদী ও খাল খননসহ সরকারের বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করেন তিনি।

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। জবাবে আলবানিজ আগামী বছর সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আশা প্রকাশ করেন।

অন্যদিকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীও তারেক রহমানকে তাঁর দেশ সফরের আমন্ত্রণ জানান। বাংলাদেশের প্রধানমন্ত্রী সুবিধাজনক সময়ে অস্ট্রেলিয়া সফরের আশা প্রকাশ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

১

তেহরানে বাদাম বেঁচছেন নেতানিয়াহু!

২

বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিত

৩

প্রধানমন্ত্রীর ছবি-নাম ব্যবহার করা ১৩৭টি ভুয়া অ্যাকাউন্ট ও পেজ শনাক্ত

৪

‘স্ত্রী ক্যানসারে আক্রান্ত’, বিদেশযাত্রা এড়াতে বিমান ছিনতাইয়ের হুমকি

৫

এক এক লোক এক এক কথা বললে বগুড়ার উন্নয়ন সম্ভব না : আতিকুর রহমান রুমন

৬