ভিডিও মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ১০ নভেম্বর, ২০২৬ ০৬:০৮ পিএম

পানির নিচে ৬ হাজার বিঘা ফসলি জমি

পানির নিচে ৬ হাজার বিঘা ফসলি জমি

উল্লাপাড়া ও তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়া ও তাড়াশ উপজেলার ১৩টি মৌজায় অপরিকল্পিতভাবে পুকুর খনন এবং ব্রিজের মুখ বন্ধ করে দেওয়ায় ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে প্রায় ৬ হাজার বিঘা ফসলি জমি দীর্ঘদিন ধরে অনাবাদি পড়ে রয়েছে। ফলে কর্মহীন হয়ে পড়েছেন কয়েকশ’ কৃষিশ্রমিক।

স্থানীয় সূত্রে জানা যায়, উল্লাপাড়া ও তাড়াশ উপজেলার বিভিন্ন এলাকায় অপরিকল্পিতভাবে শতাধিক পুকুর খনন করা হয়েছে। পাশাপাশি পানি নিষ্কাশনের পথ বন্ধ করে ব্রিজের মুখে মাটি ফেলে দেওয়ায় স্বাভাবিক পানিপ্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। এতে বছরের পর বছর জলাবদ্ধতা স্থায়ী রূপ নিয়েছে।

সরেজমিনে দেখা যায়, উল্লাপাড়া উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের আগরপুর, ক্ষুদ্র সিমলা, কালিকাপুর, খৈইসর, জালশুকা, হরিনচরা, পুকুরপাড় ও দাবিরগঞ্জ এবং তাড়াশ উপজেলার ঝুরঝুরি, বোয়ালিয়া, মাধবপুর, পাগলাপাড়া ও মথুরাপুর মৌজায় জলাবদ্ধতার কারণে বিস্তীর্ণ ফসলি জমি অনাবাদি পড়ে রয়েছে। কোথাও জমিতে হাঁটুপানি, আবার কোথাও কোমরসমান পানি জমে আছে।

তাড়াশ উপজেলার ঝুরঝুরি গ্রামের কৃষক এমদাদুল হকের প্রায় ২০ বিঘা জমি পাঁচ বছর ধরে অনাবাদি পড়ে আছে। জমিতে পানি জমে থাকায় দীর্ঘদিন ধরে জমিতে কোনো ফসল উৎপাদন করা সম্ভব হচ্ছে না। আগপুর গ্রামের কৃষক নজরুল শেখ বলেন, পাঁচ বছর আগেও এসব জমিতে বোরো, আমন ও সরিষার আবাদ হতো। কিন্তু জলাবদ্ধতার কারণে এখন কোনো ফসলই চাষ করা যাচ্ছে না।

জেলা কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, উল্লাপাড়া উপজেলায় মোট আবাদযোগ্য জমির পরিমাণ ৩২ হাজার ৭৭৫ হেক্টর এবং অনাবাদি জমির পরিমাণ ৪১ হেক্টর। অন্যদিকে তাড়াশ উপজেলায় আবাদি জমির পরিমাণ ২২ হাজার ১১৫ হেক্টর এবং অনাবাদি জমি রয়েছে ১৮৫ হেক্টর।

আরও পড়ুন

উল্লাপাড়া উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নওজেস আলী বলেন, কৃষকদের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে কয়েক দফায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আশা করছেন, দ্রুত বিশেষ প্রকল্পের মাধ্যমে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা সম্ভব হবে।

উল্লাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমি বলেন, কৃষকদের ক্ষতির হাত থেকে বাঁচাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি। জলাবদ্ধতার কারণে কয়েকটি গ্রামের শত শত কৃষক সম্ভাবনাময় তিন ফসলি জমিতে আবাদ করতে পারছেন না।

উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রায়হানুল ইসলাম বলেন, সমস্যাটি মানবসৃষ্ট হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আর প্রাকৃতিক কারণে সৃষ্টি হলে তা দূর করার উদ্যোগ নেওয়া হবে। তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান বলেন, ফসলি জমিতে পুকুর খনন বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এ সময় অর্থদণ্ডের পাশাপাশি খননযন্ত্র জব্দ করা হচ্ছে। এরপরও পুকুর খনন বন্ধ হচ্ছে না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পানির নিচে ৬ হাজার বিঘা ফসলি জমি

১

বুয়েটের নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন ফি ৬০০ টাকা

২

ইউক্রেন যুদ্ধে ৪ লাখের বেশি রুশ সেনার মৃত্যু

৩

যে কারণে সম্পর্ক হঠাৎ করে একতরফা মনে হতে পারে

৪

ঢাকায় জনবল নিয়োগ দেবে মিনিস্টার, ২৫ বছর হলেই আবেদন

৫

এসএসসি পাসে নিয়োগ দেবে আড়ং, লাগবে না অভিজ্ঞতা

৬