মিয়ানমারে পাচারের সময় ৩০১ বস্তা ইউরিয়া সার উদ্ধার, গ্রেপ্তার ৮
চট্টগ্রামের মিরসরাইয়ে সাগরপথে মিয়ানমারে পাচারের সময় ৩০১ বস্তা ইউরিয়া সারসহ দুটি ডাম্প ট্রাক জব্দ করেছে জোরারগঞ্জ থানা-পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ শনিবার (৩১ অক্টোবর) ভোরে উপজেলার ইছাখালী ইউনিয়নের মুহুরী প্রজেক্টের ৪০ নম্বর গেট এলাকায় অভিযান চালিয়ে সার ও ট্রাক দুটি জব্দ করা হয়।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল হালিম আজ বিকেলে বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ জানায়, গতকাল শুক্রবার রাত ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ইছাখালী ইউনিয়নের সাগরপাড় এলাকায় অভিযান চালানো হয়। অভিযানের একপর্যায়ে ওচমানপুর ইউনিয়নের মুহুরী প্রজেক্ট এলাকা থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ভোর সাড়ে ৪টার দিকে মুহুরী প্রজেক্টের ৪০ নম্বর গেট এলাকায় অভিযান চালিয়ে দুটি ডাম্প ট্রাক আটক করে। ট্রাক দুটি তল্লাশি করে ৩০১ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়।
আরও পড়ুনউদ্ধার করা সারের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৭৬ হাজার ২৫০ টাকা। গ্রেপ্তার চারজনের দেওয়া তথ্যের ভিত্তিতে পরে আরও চারজনকে গ্রেপ্তার করা হয়।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল হালিম বলেন, মুহুরী প্রজেক্ট এলাকায় অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের সময় ৩০১ বস্তা ইউরিয়া সারসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। সার পাচারের সঙ্গে কারা জড়িত, সে বিষয়ে গ্রেপ্তার আসামিদের জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তদন্তের স্বার্থে গ্রেপ্তার আটজনের নাম প্রকাশ করা যাচ্ছে না বলেও জানান তিনি।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক





