ভয়াবহ হামলার স্মৃতি পেছনে ফেলে শুটিংয়ে ফিরছেন টাইগার
বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা টাইগার শ্রফের উপর বন্দুকবাজদের হামলার ঘটনার রেশ এখনও কাটেনি। তবে সেই আতঙ্ক কাটিয়ে ফের কাজের জগতে ফিরতে চলেছেন অভিনেতা। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দীপাবলির ছুটি কাটিয়েই নভেম্বরের প্রথম সপ্তাহে আসন্ন ছবি ‘লাগ যা গলে’-র শুটিং শুরু করবেন তিনি। তবে সাম্প্রতিক হামলার কথা মাথায় রেখে এবার তাঁর নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নিচ্ছে প্রযোজনা সংস্থা।
জানা গিয়েছে, টাইগারের যাতায়াতের সময়সূচি, শুটিংয়ের স্থান এবং অন্যান্য ব্যক্তিগত গতিবিধি সম্পূর্ণ গোপন রাখা হবে। বর্তমানে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন অভিনেতা। ঘনিষ্ঠ সূত্রের দাবি, টাইগারের নিরাপত্তা নিশ্চিত করতেই তাঁর দৈনন্দিন রুটিন সম্পর্কে তথ্য প্রকাশ্যে না আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
হামলার পরিপ্রেক্ষিতে আগামী দিনের শুটিংয়ে একাধিক নিরাপত্তামূলক পদক্ষেপ করা হচ্ছে। সেটে প্রবেশের ক্ষেত্রে কঠোর বিধিনিষেধ থাকবে। মোতায়েন করা হবে অতিরিক্ত নিরাপত্তারক্ষীও। এমনকি অভিনেতার যাতায়াতের পথ এবং অবস্থান সম্পর্কে জানবেন হাতে গোনা কয়েকজন নির্দিষ্ট ব্যক্তি। যাতে হামলাকারীরা কোনওভাবেই তাঁর অবস্থান সম্পর্কে আগাম তথ্য না পেতে পারে, সে বিষয়েও সতর্ক থাকছে টিম।
রাজ মেহতা পরিচালিত বিগ বাজেটের অ্যাকশন ছবি ‘লাগ যা গলে’-র শুটিং শুরু হয়েছিল ২০২৬ সালের জানুয়ারি মাসে। পরিকল্পনা অনুযায়ী, এপ্রিলের মধ্যেই ছবির কাজ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু সহ-অভিনেতা লক্ষ্যর অন্য ছবি ‘চাঁদ মেরা দিল’-এর প্রয়োজনে চেহারা ও চুলের ছাঁটে পরিবর্তন আনতে হওয়ায় শুটিংয়ের সময়সূচি পিছিয়ে যায়। শেষ পর্যন্ত অক্টোবরের শেষ পর্যন্ত ছবির কাজ পিছিয়ে দেওয়া হয়।
এবার নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে ফের শুটিং শুরু করার প্রস্তুতি নিচ্ছেন টাইগার।
গত ১৮ অক্টোবর, রবিবার মুম্বইয়ের জুহুতে পুষ্প পার্কের কাছে একটি ফুটবল গ্রাউন্ড থেকে বেরোনোর সময় হামলার মুখে পড়েন টাইগার শ্রফ। অভিযোগ, ফুটবল খেলে ফেরার পথে তাঁকে লক্ষ্য করে গুলি চালায় অজ্ঞাতপরিচয় বন্দুকবাজরা। অভিনেতাকে দেখার জন্য সেখানে ভিড় জমেছিল। সেই ভিড়ের মধ্যেই হামলা চালানো হয়। ঘটনায় এক অটোচালক গুলিবিদ্ধ হন। তাঁকে দ্রুত কুপার হাসপাতালে ভর্তি করা হয়। পরে পুলিশ কোটা থেকে তিন অভিযুক্তকে গ্রেপ্তার করে।
আরও পড়ুনতদন্তে উঠে এসেছে আরও চাঞ্চল্যকর তথ্য। পুলিশ সূত্রের দাবি, অভিযুক্তদের প্রাথমিক নিশানা ছিলেন বলিউড অভিনেতা আমির খান। তাঁকে লক্ষ্য করে হামলার পরিকল্পনায় অভিযুক্তরা প্রায় এক মাস মুম্বইয়ে অবস্থান করেছিল। সেই সময় আমিরের বাসভবন ও আশপাশের এলাকায় অন্তত তিনবার রেইকি করা হয়েছিল বলে জানা গিয়েছে।
তবে আমির খান বাড়িতে না থাকায় কিংবা শুটিংয়ের কাজে ব্যস্ত থাকায় পরিকল্পনায় পরিবর্তন আনে অভিযুক্তরা। এরপরই টাইগার শ্রফকে নিশানা করা হয় বলে তদন্তকারীদের অনুমান।
এই ঘটনার পর স্বাভাবিকভাবেই অভিনেতার নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। তবে সমস্ত সতর্কতা মেনেই শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ্ছেন টাইগার। আপাতত তাঁর অনুরাগীদের নজর নভেম্বরের প্রথম সপ্তাহের দিকে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক



_medium_1793285829.jpg)

_medium_1793279100.jpg)


