রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ৩; ফ্লাইট বাতিল
সৌদি আরবের রাজধানী রিয়াদের বিমানবন্দরের স্থাপনা ও সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইনসের (সৌদিয়া) একটি উড়োজাহাজ লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এসব হামলায় তিন সৌদি নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন বিভিন্ন দেশের নাগরিক ও সৌদি আরবে বসবাসরত কয়েকজন। তাঁদের মধ্যে কারও কারও অবস্থা গুরুতর।
গতকাল বৃহস্পতিবার (৮ অক্টোবর) সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (জিএসিএ) এ তথ্য জানিয়েছে।
জিএসিএ জানায়, হামলার একটি লক্ষ্য ছিল বিমানবন্দরের স্থাপনা, আর অন্যটি ছিল সৌদিয়া এয়ারলাইনসের একটি উড়োজাহাজ। হামলার পর জরুরি সেবাদানকারী দল ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অনুমোদিত জরুরি পরিকল্পনা অনুযায়ী পরিস্থিতি মোকাবিলা করে।
হামলায় আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। এতে বিভিন্ন স্থাপনা ও সম্পদেরও ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠী সৌদি আরবে হামলা জোরদার করার মধ্যে এ ঘটনা ঘটল। এর আগে রিয়াদ বিমানবন্দর লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া যায়।
ফ্লাইট চলাচল ব্যাহত, বাতিল একাধিক ফ্লাইট
হামলার কারণে সৌদি আরবের রাজধানীতে বিমান চলাচল ব্যাহত হয়েছে। রিয়াদগামী ফ্লাইট স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছে জার্মানির লুফথানসা ও ভারতের এয়ার ইন্ডিয়া।
বিমান চলাচল বিশ্লেষণকারী প্রতিষ্ঠান সিরিয়ামের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার গ্রিনিচ মান সময় বিকেল ৩টা নাগাদ রিয়াদ বিমানবন্দর থেকে নির্ধারিত ফ্লাইটের প্রায় অর্ধেক বাতিল করা হয়েছিল। এ ছাড়া শুক্রবার সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দর থেকে আরও ৩১টি ফ্লাইট বাতিলের আশঙ্কা করা হয়।
আরও পড়ুনএর আগে বুধবার সৌদি কর্তৃপক্ষ জানায়, চলতি সপ্তাহে রিয়াদ ও দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আভা বিমানবন্দর লক্ষ্য করে চালানো হামলায় তিনজন নিহত হয়েছেন।
সৌদি আকাশসীমায় উত্তেজনা বাড়াচ্ছে হুথিরা
সৌদি আরবের আকাশসীমায় বিঘ্ন ঘটানোর চেষ্টা জোরদার করেছে হুথি গোষ্ঠী। একই সাথে দেশটির জ্বালানি স্থাপনাগুলোতে হামলার হুঁশিয়ারি দিয়ে সেখানকার কর্মীদের দূরে থাকার সতর্কবার্তা দিয়েছে তারা।
এদিকে, সৌদি কর্মকর্তারা জানিয়েছেন, আকাশে প্রতিহত করা একটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ রিয়াদের একটি কিন্ডারগার্টেন ও একটি চিকিৎসাকেন্দ্রে আঘাত হেনেছে।
ইয়েমেনের চলমান গৃহযুদ্ধে সরকারি বাহিনীকে সৌদি আরব সমর্থন দেওয়ায় দেশটিকে লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে বলে জানিয়েছে হুথিরা।
জিএসিএ জানিয়েছে, ক্ষয়ক্ষতি মূল্যায়ন এবং যাত্রী ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট নিরাপত্তা কর্তৃপক্ষের সাথে সমন্বয় অব্যাহত রয়েছে। পাশাপাশি সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল ব্যবস্থার নিরাপত্তা বজায় রাখা এবং বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম ও ফ্লাইট চলাচল পুনরায় চালু করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক



_medium_1791462919.jpg)
_medium_1791461973.jpg)


