জয়পুরহাটের ক্ষেতলালে ব্রিজ ধসে যানবাহন চলাচল বন্ধ, ভোগান্তিতে এলাকাবাসী
ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি : জয়পুরহাটের ক্ষেতলাল-দুপচাঁচিয়া, সংযোগ সড়কের দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে ব্রিজ ভেঙে যাওয়ায় ভারী যানবাহন চলাচল দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। এছাড়াও অসাবধানতায় ওই ব্রিজে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটায় এলাকাবাসীসহ পথচারীরা চরম দুর্ভোগ পোহাচ্ছেন।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, উপজেলার ভাসিলা-ফুলদিঘী হয়ে দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ দিয়ে সরাসরি দুপচাঁচিয়া সংযোগ রাস্তার দৌলতপুর আকন্দের পুকুর নামক স্থানে ব্রিজের ছাদ ধসে পড়ায় দীর্ঘদিন যাবত ভারী যানবাহন চলাচল বন্ধ হয়েছে।
প্রতি দিন ওই রাস্তা দিয়ে শত শত গাড়ি এবং মানুষ চলাচল করতেন। সংস্কার ও মেরামতের অভাবে দীর্ঘদিন থেকে ব্রিজটি পরিত্যক্ত অবস্থায় থাকায় এলাকাবাসীসহ আশেপাশের পথচারী চরম দুর্ভোগ পোহাচ্ছেন।শুধু তাই নয়, এলাকার কৃষক তাদের উৎপাদিত কৃষিপণ্য হাট-বাজারেও নিতে পারছেন না। এছাড়া ওই এলাকায় নতুন রাস্তা নির্মাণের জন্য গাড়িতে করে নির্মাণ সামগ্রীও বহন করা সম্ভব হচ্ছে না।
উপজেলার দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এরফান আলী বলেন, বিদ্যালয়ের পাশে ব্রিজটি ভেঙে যাওয়ায় পথচারীরা প্রায়ই দুর্ঘটনা শিকার হয়ে গুরুতর আহত হচ্ছেন। ব্রিজটি দ্রুত সংস্কার ও মেরামতেরর দাবি জানান তিনি।
আরও পড়ুনভাঙা ব্রিজের পাশে পাকা রাস্তা নির্মাণ কাজের ঠিকাদার নুরন্নবী বলেন, ক্ষেতলাল-ভাসিলা রাস্তায় দৌলতপুর আকন্দের পুকুর নামক স্থানে ব্রিজ ভেঙে যাওয়ায় পাশের রাস্তা নির্মাণের মালামাল ওই ব্রিজের ওপর দিয়ে বহন করা সম্ভব হচ্ছে না। ফলে বর্তমানে রাস্তার নির্মাণ কাজ বন্ধ রয়েছে।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী এসএম রাজিব হোসেন বলেন, ব্রিজটি ভেঙে যাওয়ার বিষয়ে অবগত আছি। উপজেলার সমন্বয় সভায় ব্রিজটি সংস্কার ও মেরামতের বিষয় উত্থাপন করে উপজেলা অথবা ইউনিয়ন পরিষদের তহবিল থেকে ব্রিজটি দ্রুত সংস্কার ও মেরামতের ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন


_medium_1790517264.jpg)



_medium_1790515355.jpg)

