প্রকাশ : ১৯ সেপ্টেম্বর, ২০২৬ ০৫:০৭ পিএম
চতুর্থবারের মতো প্রকাশ্যে শাহজালাল মাজারে দানের টাকা গণনা শুরু
চতুর্থবারের মতো প্রকাশ্যে শাহজালাল মাজারে দানের টাকা গণনা শুরু
সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের টাকা চতুর্থবারের মতো প্রকাশ্যে গণনা শুরু হয়েছে।
আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুনের উপস্থিতিতে মাজারের দানের ডেগ খোলা হয়। এরপর প্রকাশ্যে শুরু হয় দানের অর্থ ও অন্যান্য সামগ্রী গণনার কার্যক্রম।
মাজারের দানের ডেগ ও দানবাক্স খোলার পর কয়েকটি চিঠি ও স্বর্ণালঙ্কার পাওয়া গেছে। জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট, পুলিশ, আনসার সদস্যদের উপস্থিতিতে মাদরাসার শিক্ষার্থীরা টাকা গণনা করছেন।
মাজারের আয়-ব্যয় ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে গঠিত ১৩ সদস্যের কমিটির তত্ত্বাবধানে এ গণনা চলছে। গণনা শেষে পাওয়া অর্থ জেলা প্রশাসনের মাধ্যমে মাজারের নামে সোনালী ব্যাংকে খোলা নির্ধারিত হিসাবে জমা রাখা হবে বলে আগেই জানানো হয়েছিল।
চলতি বছর ২২ জুন প্রথমবারের মতো প্রকাশ্যে মাজারের দানের ডেগ ও দানবাক্সের অর্থ গণনা করা হয়। ওই দফায় ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা পাওয়া যায়। পাশাপাশি স্বর্ণ ও বৈদেশিক মুদ্রাও পাওয়া যায়।
এরপর ১১ জুলাই দ্বিতীয় দফায় গণনায় পাওয়া যায় ৪৭ লাখ ১০ হাজার ১৫৩ টাকা। সর্বশেষ ১৫ আগস্ট তৃতীয় দফায় দানবাক্স ও ডেগ থেকে পাওয়া যায় ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা। ওই সময় বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রার পাশাপাশি ২ ভরি ১ রতি স্বর্ণালংকার ও ১ ভরি ২ আনা রুপা পাওয়া যায়।
আগের তিন দফায় নগদ অর্থ মিলিয়ে মোট ১ কোটি ৪০ লাখ ৬৪ হাজার ৩৭৪ টাকা পাওয়া গেছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।
মাজারের দানের অর্থের ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদি ও স্বচ্ছ কাঠামো তৈরির লক্ষ্যে গত ২৬ জুন ১৩ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। এরই ধারাবাহিকতায় নিয়মিত বিরতিতে দানের অর্থ প্রকাশ্যে গণনা করা হচ্ছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1789807545.jpg)


_medium_1789813232.jpg)
_medium_1789812076.jpg)