নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল চেষ্টা, গ্রেফতার ১৪
নেত্রকোনার পূর্বধলায় মিছিলে অংশ নেওয়ার অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগের ১৪ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় ২৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করে মামলা করা হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) সকাল ৬টার দিকে উপজেলার ৯নং খলিশাউড় ইউনিয়নের পাবই এলাকায় কমিউনিটি ক্লিনিকের সামনে শ্যামগঞ্জ-জারিয়া সড়কে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, নেত্রকোনা জেলা নিষিদ্ধ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সংগঠনটির জেলা সভাপতি পদপ্রার্থী হাসিব ইবনে হান্নান রিদমের নেতৃত্বে ভোরে প্রায় ২৫-৩০টি মোটরসাইকেলে কয়েকজন নেতাকর্মী পাবই এলাকায় জড়ো হন। পরে তারা পাবই থেকে শ্যামগঞ্জগামী পাকা সড়কে মোটরসাইকেল নিয়ে মিছিল করার চেষ্টা করেন।
স্থানীয় গ্রামপুলিশ বিষয়টি টের পেয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পূর্বধলা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মিছিলকারীদের ধাওয়া করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা মোটরসাইকেল নিয়ে দ্রুত বিভিন্ন দিকে পালিয়ে যান। পরে পুলিশ ধাওয়া করে ১১ জনকে গ্রেফতার করে।
আরও পড়ুনগ্রেফতাররা হলেন- আটপাড়া উপজেলার মারুফ হোসেন মুন্না (২০), সিয়াম আহমেদ (১৮), শিপন মিয়া (১৮) ও ইবনে শফি সামি দ্বীপ (১৮)। পূর্বধলা উপজেলার জাহিদুল হাসান ফয়সাল (২৫), মো. নাঈম ইসলাম (২৮), লোকমান আহম্মেদ (২৬), ফজলে এলাহী ময়না (২৯), মাহফুজ আকম শরীফ (২৬), শাওন শেখ (১৬) ও ইমরান (১৫)।
এদিকে ঘটনার খবর পেয়ে নেত্রকোনা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল পৃথক অভিযান চালিয়ে আটপাড়া উপজেলার সুখারি এলাকার আরিফ জাহান বিজয় (১৯) ও শ্রীরামপাশা এলাকার রুদ্র মিয়াকে (১৯) গ্রেফতার করে। পরে ময়মনসিংহের গৌরীপুর থেকে আরও একজনকে গ্রেফতার করা হয়। এ নিয়ে পুলিশ ও ডিবির পৃথক অভিযানে মোট ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে তিনটি মোটরসাইকেল উদ্ধার করে জব্দ করা হয়।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক








