বিস্তীর্ণ মাঠ জুড়ে শুধু সবুজ আর সবুজ
বগুড়ার দুপচাঁচিয়ায় আমন চাষে লক্ষ্য মাত্রার শতভাগ অর্জিত
দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : বগুড়া দুপচাঁচিয়া উপজেলায় বিস্তীর্ণ মাঠ জুড়ে এখন আমনের ক্ষেতে সবুজের সমারোহ। যা মাঠের সৌন্দর্য বৃদ্ধি করেছে। যত দূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ, এ সবুজই বলে দেয় গ্রাম বাংলার কৃষকের মাথার ঘাম পায়ে ফেলা রোপা-আমন ধান চাষের মাঠ। কৃষকরা আশা করছে প্রাকৃতিক কোন দুর্যোগ না ঘটলে এবার রোপা-আমন ধানের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।
বগুড়া তথা উত্তরাঞ্চলের শস্য ভান্ডার হিসাবে পরিচিত দুপচাঁচিয়া উপজেলা। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি রোপা-আমন মৌসুমে এই উপজেলায় ১১ হাজার ৬শত হেক্টর জমিতে আমন ধান রোপনের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়।
যা শতভাগ অর্জিত হয়েছে। এ লক্ষে ৬শ’ হেক্টর জমিতে আমন ধানের বীজতলার লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছিল। উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা গেছে, কৃষকদের লাগানো জমিগুলোতে আমন ধানের চারাগুলো বড় হয়ে সতেজ হয়ে উঠেছে। চারিদিকে মাঠে এখন সবুজের সমারোহ, যা দেখে কৃষকের মন ভরে যাচ্ছে।
আরও পড়ুনএ ব্যাপারে উপজেলার গোবিন্দপুর আমষট্ট গ্রামের কৃষক আমিনুর, কফিল উদ্দীন, উত্তর সাজাপুর গ্রামের মেহেদী হাসান, ফজের আলী, লিটন, আব্দুল হান্নান, পশ্চিম বোরাই গ্রামের রায়হান সরদার রতনসহ অনেকেই জানান, আবহাওয়া অনুকুলে থাকায় সঠিক সময়ে চারা লাগানো নিবির পরিচর্যাসহ যথা সময়ে সেচ ও সার দেওয়ায় এবার রোপা-আমন ধানের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।
আজ শুক্রবার (২৮ আগস্ট) এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মুহাম্মদ সাইফুল আবেদীন জানান, চলতি মৌসুমে এই উপজেলায় রোপা-আমন ধানের লক্ষ্যমাত্রার অধিক জমিতে ধান চাষ হয়েছে। কৃষি বিভাগ থেকে যথা সময়ে কৃষকদেরকে চারা লাগানোর পরামর্শ, নিবির পর্যবেক্ষণ, সার ও কীটনাশক প্রয়োগসহ আবহাওয়া অনুকুলে থাকায় রোপা-আমন ধানের চারা রোপণ লক্ষ্যমাত্রা শতভাগ অর্জিত হয়েছে। আবহাওয়া অনুকুলে থাকলে এবারও ধান চাষের লক্ষ্য মাত্রাও অতিক্রম করবে বলে তিনি জানান।
মন্তব্য করুন







