ভিডিও মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ২৫ আগস্ট, ২০২৬ ০১:২৮ এএম

অস্ট্রেলিয়া থেকে ‘সম্মান’ নিয়ে ফিরছে বাংলাদেশ: বাশার

ছবি : সংগৃহীত, অস্ট্রেলিয়া থেকে ‘সম্মান’ নিয়ে ফিরছে বাংলাদেশ: বাশার

স্পোর্টস ডেস্ক : ম্যাকাইয়ে মাত্র দুই দিনের মধ্যে ইনিংস ব্যবধানে হারের হতাশা থাকলেও অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয় এবং সিরিজ ড্রয়ের অর্জনকে কোনোভাবেই ছোট করে দেখছেন না বাংলাদেশের প্রধান নির্বাচক হাবিবুল বাশার। তার মতে, অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ ১-১ সমতায় শেষ করে কাঙ্ক্ষিত সম্মান নিয়েই দেশে ফিরছে বাংলাদেশ।

সোমবার দেশে ফেরার আগে ম্যাকাই বিমানবন্দরে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন হাবিবুল বাশার। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ ড্রকে বাংলাদেশের টেস্ট ক্রিকেটের জন্য বড় অর্জন হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এই সাফল্য শুধু বাংলাদেশেই নয়, বিশ্বজুড়ে বাংলাদেশের ক্রিকেট অনুসরণ করা মানুষের কাছেও বিশেষ গুরুত্ব বহন করছে।

বাশার বলেন, এটি অবশ্যই বড় অর্জন। তবে একটি সিরিজের ফলাফল দেখেই বাংলাদেশকে পরিণত টেস্ট দল হিসেবে বিবেচনা করতে রাজি নন তিনি। তার মতে, দলের উন্নতির জন্য এখনো অনেক জায়গা রয়েছে। তবে সাম্প্রতিক পারফরম্যান্সের মাধ্যমে বাংলাদেশ নিজেদের সামর্থ্যের বিষয়ে একটি শক্ত বার্তা দিতে পেরেছে।

ডারউইনে সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়েছিল নাজমুল হোসেন শান্তর দল। ম্যাচের প্রায় প্রতিটি পর্যায়েই আধিপত্য দেখিয়েছিল বাংলাদেশ। অস্ট্রেলিয়ার মাটিতে সেটিই ছিল বাংলাদেশের প্রথম টেস্ট জয়।

তবে দ্বিতীয় টেস্টে ম্যাকাইয়ে সম্পূর্ণ ভিন্ন চিত্র দেখা যায়। দুই ইনিংসে মাত্র ৬৪ ও ৯৫ রানে অলআউট হয়ে ইনিংস ও ৫১ রানে হেরে যায় বাংলাদেশ। শরিফুল ইসলামের দুর্দান্ত বোলিংয়ে অস্ট্রেলিয়াকে ২১০ রানে আটকে দিয়েও ব্যাটিং ব্যর্থতার কারণে ম্যাচে আর ঘুরে দাঁড়াতে পারেনি সফরকারীরা।

ডারউইনের জয়ের পর বাংলাদেশের সিরিজ জয়ের সম্ভাবনা তৈরি হয়েছিল বলে স্বীকার করেন বাশার। তবে বিশ্বের শীর্ষ টেস্ট দল অস্ট্রেলিয়া দ্বিতীয় ম্যাচে সর্বশক্তি নিয়ে ঘুরে দাঁড়াবে, সেটিও তারা আগে থেকেই জানতেন বলে জানান তিনি। ২-০ ব্যবধানে সিরিজ হার অস্ট্রেলিয়ার জন্য বড় ধাক্কা হতো বলেও মন্তব্য করেন প্রধান নির্বাচক।

ম্যাকাই টেস্টে টসের গুরুত্বও বেশি ছিল বলে মনে করেন বাশার। টস জিতে অস্ট্রেলিয়া বাংলাদেশকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায়। এরপর পেসারদের জন্য সহায়ক কন্ডিশন কাজে লাগিয়ে মাত্র ৬৪ রানে বাংলাদেশের প্রথম ইনিংস গুটিয়ে দেয় স্বাগতিকরা।

আরও পড়ুন

বাশারের মতে, সাধারণত টস কোনো টেস্টে এত বড় পার্থক্য তৈরি করে না। কিন্তু ম্যাকাইয়ের কন্ডিশনে বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। তিনি মনে করেন, বাংলাদেশ আগে বোলিং করতে পারলে ম্যাচের পরিস্থিতি ভিন্ন হতে পারত। একই সঙ্গে তিনি স্বীকার করেন, টসের পাশাপাশি বাংলাদেশের ব্যাটারদেরও আরও ভালো পারফর্ম করা প্রয়োজন ছিল।

প্রধান নির্বাচকের মতে, গতিময় ও বাউন্সনির্ভর উইকেট তৈরি করে অস্ট্রেলিয়া হিসাব করেই ঝুঁকি নিয়েছিল। বাংলাদেশ যেমন নিজেদের শক্তি অনুযায়ী স্পিন সহায়ক উইকেট তৈরি করে, অস্ট্রেলিয়াও তেমনি নিজেদের পেস আক্রমণকে কাজে লাগানোর মতো কন্ডিশন তৈরি করেছিল।

তবে পুরো সফরের অর্জনকেই সামনে রাখছেন বাশার। অস্ট্রেলিয়ায় যাওয়ার আগে যে সম্মান নিয়ে দেশে ফেরার লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল, সেটি পূরণ হয়েছে বলে মনে করেন তিনি।

সাম্প্রতিক সময়ে পাকিস্তানসহ বিভিন্ন দলের বিপক্ষে বাংলাদেশের টেস্ট সাফল্যের কথাও তুলে ধরেন বাশার। তার মতে, ২০০০ সালে টেস্ট মর্যাদা পাওয়ার পর দীর্ঘ সময়ের পরিসংখ্যানের সঙ্গে সাম্প্রতিক দুই বছরের পারফরম্যান্স তুলনা করলে বাংলাদেশের উন্নতির চিত্র স্পষ্ট হয়ে ওঠে।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকাতেও ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশ। ৫৫ দশমিক ৫৬ শতাংশ পয়েন্ট নিয়ে বর্তমানে চতুর্থ স্থানে থাকা শান্তদের সামনে রয়েছে আরও পাঁচটি গুরুত্বপূর্ণ টেস্ট।

বাশারের মতে, সামনে থাকা ম্যাচগুলোতে ভালো করতে পারলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ আরও ওপরে যাওয়ার সুযোগ পাবে। অস্ট্রেলিয়া সফরের সাফল্যকে ভিত্তি করে সেই ধারাবাহিকতা ধরে রাখাই এখন দলের অন্যতম বড় লক্ষ্য।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রেলিয়া থেকে ‘সম্মান’ নিয়ে ফিরছে বাংলাদেশ: বাশার

এক রাতেই মতিঝিল আইডিয়ালের ৪৬ শিক্ষক বদলি

ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেফতার

বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের হোটেলে দুই কোচের হাতাহাতি

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

জবি ফিজিক্স ডিবেটিং ক্লাবের প্রথম বার্ষিক বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত