ভিডিও মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১১ আগস্ট, ২০২৬ ০৬:৫৬ পিএম

৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে’ চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি

৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে’ চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে এক প্রবাসী ব্যবসায়ীর বাসার গেট লক্ষ্য করে গুলি করার অভিযোগ উঠেছে।

গতকাল সোমবার (১০ আগস্ট) রাত ১১টার দিকে রুনা টাওয়ার নামে একটি ভবনের সামনে এ ঘটনা ঘটে। এতে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ভবনটির মালিক মোহাম্মদ ইউসুফ। ১১ তলা ভবনটির দুই ছেলে প্রবাসে ব্যবসা করেন। তাদের গ্রামের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি। ইউসুফ নিষিদ্ধঘোষিত স্বেচ্ছাসেবক লীগের চট্টগ্রাম মহানগর কমিটির সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজের শ্বশুর। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দুই দিন পর গ্রেপ্তার হন আজিজ। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

আজ মঙ্গলবার (১১ আগস্ট) ঘটনাস্থলে গিয়ে ভবনের নিরাপত্তাকর্মী মো. আলমগীরের সঙ্গে কথা বলে জানা যায়, ঘটনার সময় এলাকায় বিদ্যুৎ ছিল না। এ সময় প্যান্ট-শার্ট পরা দুই যুবক এসে তাঁকে গেটের ভেতরে রেখে গেট বন্ধ করতে বলেন। এরপর তারা গেট লক্ষ্য করে পরপর দুটি গুলি ছুড়ে হেঁটে চলে যান। গুলির শব্দে আশপাশের লোকজন জড়ো হন। পরে পুলিশ ঘটনাস্থলে যায়।

ভবনমালিক ইউসুফ জানান, সোমবার দুপুর ১২টার দিকে তার ছেলে শওকতের হোয়াটসঅ্যাপ নম্বরে একটি বিদেশি নম্বর থেকে ভয়েস বার্তা পাঠানো হয়। এতে পরিবারের সদস্যদের কোথায় কী করেন, তাদের জীবনবৃত্তান্ত এবং কোথায় কোথায় বাড়ি রয়েছে—এসব তথ্য জানার দাবি করে এক ঘণ্টার মধ্যে ৫০ লাখ টাকা দিতে বলা হয়। টাকা না দিলে পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেওয়া হয় বলেও জানান তিনি।

ঘটনার প্রত্যক্ষদর্শী পাশের এক দোকানি বলেন, তিনি দোকানের ভেতরে ছিলেন। হঠাৎ গুলির শব্দ শুনে বাইরে এসে দুজন যুবককে দৌড়ে চলে যেতে দেখেন।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল ইসলাম বলেন, হামজারবাগ এলাকায় চাঁদা না পেয়ে একটি ভবনের গেট লক্ষ্য করে গুলি করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় এখনো থানায় মামলা হয়নি।

আরও পড়ুন

এর আগে গত ১৩ জুলাই চট্টগ্রাম সিটি করপোরেশনের দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের বড় দিঘিরপাড় এলাকায় ব্যবসায়ী জসিম উদ্দিনের নির্মাণাধীন ভবনে ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ ওঠে সন্ত্রাসী মোবারক হোসেন ইমনের অনুসারীদের বিরুদ্ধে। ওই ঘটনায় মামলা হওয়ার পর ৫০ লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলে অভিযোগ করা হয়।

এ ছাড়া গত ১৩ জুন নগরের বাকলিয়া এক্সেস রোডে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান ডিডিএনে ২ কোটি টাকা চাঁদার দাবিতে হামলা ও ভাঙচুরের অভিযোগও ওঠে ইমনের অনুসারীদের বিরুদ্ধে।

এসব ঘটনার পর চাঁদাবাজি বন্ধ ও ইমনকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেন সংশ্লিষ্টরা।

অভিযোগ রয়েছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর চাঁদাবাজিসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে ইমন সক্রিয় হয়ে ওঠেন। গত ২৯ জুলাই ভারতে পালিয়ে যাওয়ার সময় যশোর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি ১০ দিনের রিমান্ডে পুলিশ হেফাজতে রয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে’ চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি

এইচএসসি পাসেই নৌবাহিনীতে অফিসার ক্যাডেট হওয়ার সুযোগ

ডেপুটি ম্যানেজার নিয়োগ দেবে আকিজ বেকারস

কঙ্গোতে ইবোলায় মৃতের সংখ্যা ছাড়ালো ২ হাজার

চাকরি ছেড়েও রেহাই নেই! এয়ার ইন্ডিয়ার বিদায়ী সিইওকে তলব

রাষ্ট্রপতি নির্বাচনে ৭০ অনুচ্ছেদ কার্যকর থাকবে : চিফ হুইপ