জাতীয় মানবাধিকার কমিশন আইনের খসড়া মন্ত্রিসভায় অনুমোদন
জাতীয় মানবাধিকার কমিশন আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে প্রস্তাবিত আইনের খসড়ার অনুমোদন দেওয়া হয়।
মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রস্তাবিত আইনের খসড়ায় মানবাধিকার লঙ্ঘনের ঘটনার তদন্তের পাশাপাশি ভুক্তভোগীর তাৎক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় মানবাধিকার কমিশনকে ক্ষমতা দেওয়ার কথা বলা হয়েছে। মানবাধিকার সংরক্ষণ, উন্নয়ন ও নিশ্চিতকরণ এবং আন্তর্জাতিক মানবাধিকার আইন, সনদ ও চুক্তির প্রতি বাংলাদেশের অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে নতুন আইনটি করা হচ্ছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
একজন চেয়ারপারসন ও চারজন কমিশনার নিয়ে কমিশন গঠনের প্রস্তাব করা হয়েছে আইনের খসড়ায়। এতে ন্যূনতম একজন নারী সদস্য রাখার কথাও বলা হয়েছে। কমিশন গঠনের ক্ষেত্রে বাছাই কমিটির সুপারিশে নৃগোষ্ঠী ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর যোগ্য প্রার্থীদের অগ্রাধিকার দেওয়ার বিধান রাখা হয়েছে। বাছাই কমিটিতে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, নাগরিক প্রতিনিধি এবং নৃগোষ্ঠী বা সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর প্রতিনিধিকে অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।
আরও পড়ুন
জাতিসংঘের নির্যাতনবিরোধী সনদের ঐচ্ছিক প্রটোকল (ওপিসিএটি) অনুযায়ী হেফাজতে নির্যাতন, মৃত্যু বা গুম প্রতিরোধে জাতীয় প্রতিরোধ ব্যবস্থা (এনপিএম) ইউনিট গঠনের বিধান করার কথা বলা হয়েছে প্রস্তাবিত আইনের খসড়ায়।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক







