রংপুরে অচিরেই চালু হচ্ছে ১শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল
রংপুর জেলা প্রতিনিধি : রংপুরে উদ্বোধনের অপেক্ষায় থাকা ১শ শয্যা বিশিষ্ট আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। প্রধানমন্ত্রী অচিরেই রংপুরসহ সারাদেশে নির্মিত শিশু হাসপাতাল উদ্বোধন করবেন বলে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের বাজেট শাখার অতিরিক্ত সচিব আরিফ আহমদ। আজ শনিবার (১ আগস্ট) দুপুরে হাসপাতালটি পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান।
আরিফ আহমদ বলেন, সারাদেশে নির্মিত শিশু হাসপাতালগুলো চালুর লক্ষ্যে যন্ত্রপাতি কেনার জন্য ২০৭ কোটি টাকা বরাদ্দ হয়েছে। হাসপাতালের আসবাবপত্রের জন্য ইতোমধ্যে টেন্ডার হয়েছে এবং বর্তমানে স্যাম্পল যাচাই বাছাই চলছে।
এ মাসের মধ্যেই প্রয়োজনীয় সকল হাসপাতালে যন্ত্রপাতি চলে আসবে। একই সাথে পদ সৃজনের বিষয়টি অর্থ বিভাগে পাঠানো হয়েছে। এটির কাজও প্রায় শেষ হয়েছে। আশা করছি এ মাসের মধ্যে অগ্রগতি দেখা যাবে। প্রধানমন্ত্রীর উদ্বোধনের আগেই হাসপাতালের সকল কাজ শেষ হবে।
আরও পড়ুনএর আগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বাজেট শাখার অতিরিক্ত সচিব আরিফ আহমদ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন এবং হাসপাতালের পরিচালকসহ চিকিৎসক ও নার্সদের সাথে কথা বলেন। পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন, রংপুর বিভাগীয় স্বাস্থ্য উপ-পরিচালক ডা. ওয়াজেদ আলী, সিভিল সার্জন ডা. শাহীন সুলতানাসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।
উল্লেখ্য ৭ বছর আগে রংপুরের সাবেক সদর হাসপাতালের ১ দশমিক ৭৮ একর জমির মধ্যে নির্মাণ করা হয় ১শ শয্যা বিশিষ্ট আধুনিক শিশু হাসপাতাল। হাসপাতালটি চালু হলে শিশুদের জটিল সার্জারিসহ সাধারণ সব রোগের চিকিৎসা স্বল্পমূল্যে হবে। এতে ভোগান্তি কমে আসবে বলে মনে করছেন রংপুরবাসী।
মন্তব্য করুন







